স্বাধীনতার ৪৭ বছরেও স্বরূপকাঠির ছয় শহীদ মুক্তিযোদ্ধার সন্ধান পাননি ওই ছয় শহীদের পরিবার। অপরদিকে আজও মুক্তিযোদ্ধা তালিকায় তাদের নাম গেজেটভুক্ত হয়নি। এই ছয় শহীদ মুক্তিযোদ্ধারা হলেন: উপজেলার দক্ষিণ-পূর্ব সোহাগদল গ্রামের এসএম শাহ আলম সরদার, মোঃ সোহরাব আলী, মোঃ আইয়ুব আলী হাওলাদার, আব্দুল হাই (আবুল), মোঃ মাকসুদুর রহমান (মোকছেদ মোল্লা) ও পার্শ্ববর্তী গনমান গ্রামের জহর আলী শেখ।
দেশের অগণিত মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বিজয়ীর বেশে বাড়ি ফিরে এসেছেন। অনেক মুক্তিযোদ্ধা সমরযুদ্ধে শহীদ হলেও তাদের আত্মীয়-স্বজনরা তাদের সন্ধান পেয়েছেন। কিন্তু স্বরূপকাঠির ওই ছয় শহীদ মুক্তিযোদ্ধা নিজ নিজ বাড়িতে ফিরে আসেননি এবং শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতিও মেলেনি।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ জাহিদ হোসেন বলেন, ওই সকল মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্ত হয়নি। শহীদ মুক্তিযোদ্ধা এসএম শাহ আলম সরদারের ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, তার ভাইসহ অপর পাঁচজন শহীদের নাম এখন পর্যন্ত মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। তবে স্বাধীনতা যুদ্ধে আত্মাহূতি দেয়া ওই ছয় শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে দক্ষিণ-পূর্ব সোহাদল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের পাশে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
