বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে ডিজিটাল সংবাদ মাধ্যমের উপর আর্থিক চাপ কমানোর উদ্দেশ্যে পদক্ষেপ নিয়েছে গুগল। করোনা ভাইরাস সংকট চলাকালীন গুগল তার অ্যাড সার্ভিস বা বিজ্ঞাপন প্রদানকারী ব্যবস্থার জন্য সংবাদমাধ্যমগুলো থেকে যে চার্জ বা টাকা গ্রহণ করে তা মওকুফ করা হবে বলে ঘোষণা করল সংস্থা।
করোনা ভাইরাস সংকটে বিশ্বের অন্যান্য ছোট-বড় শিল্প ক্ষেত্রগুলোর মতো আর্থিকভাবে চাপে সংবাদ সংস্থাগুলোও। বিশেষ করে খবরের কাগজ ও বৈদ্যুতিন সংবাদসংস্থাগুলির পক্ষে এই অবস্থায় অন্যান্য সংস্থার থেকে বিজ্ঞাপন জোগাড় করা উত্তরোত্তর কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এর কারণ প্রতিকূল আর্থ-সামাজিক পরিস্থিতিতে বিজ্ঞাপন, মার্কেটিং-এর বাজেটে কাটছাঁট করতে হয়েছে বিশ্বের বেশিরভাগ শিল্প উদ্যোগগুলোকে। ফলে তাদের থেকে বিজ্ঞাপন জোগাড় করা কঠিন হয়ে দাঁড়িয়েছে সংবাদ সংস্থাগুলির পক্ষে। এই বিজ্ঞাপন প্রদানের মাধ্যমেই সংবাদসংস্থাগুলো আয় করে থাকে।
অন্যদিকে ডিজিটাল মাধ্যমে সংবাদসংস্থাগুলো গুগল অ্যাডস-এর মাধ্যমে বিজ্ঞাপন পেয়ে থাকে। আর তার বদলে নির্দিষ্ট কিছু টাকা চার্জ হিসাবে গুগলকে দিতে হয়। প্রতি হাজার ভিউয়ের জন্য গুগল অ্যাডস থেকে যেমন সংবাদ ওয়েবসাইটগুলো টাকা পেয়ে থাকে, সেরকমই তার অংশ দিতে হয় গুগলকে। এই পরিস্থিতিতে এই সার্ভিসের জন্য সংবাদসংস্থাগুলোর থেকে এই টাকা নেওয়া হবে না বলে ঘোষণা করল গুগল। এর ফলে সংবাদ মাধ্যমগুলোর ওয়েবসাইট ও ডিজিটাল ব্যবসার উপর চাপ লঘু করা সম্ভব বলে জানিয়েছে সংস্থা।
করোনা ভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন শিল্পক্ষেত্রে বন্ধ করা হলেও দ্বিগুণ উদ্যোগের সঙ্গে কাজ করতে হচ্ছে সংবাদ সংস্থাগুলোকে। বিশেষ করে ডিজিটাল মাধ্যম দিয়ে মানুষের কাছে সারাবিশ্বের খবর পৌঁছে দেওয়া এই সময়ে অত্যন্ত্য গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যাতে সংস্থাগুলো কোনো আর্থিক বাধার সম্মুখীন না হয়, সে দিকেই নজর দিল গুগল। এছাড়াও আরো কোনোভাবে সংবাদমাধ্যমের পাশে দাঁড়ানো যায় কিনা সে বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে গুগল ।
শুধু গুগল-ই নয়, মার্চে ফেসবুক -ও তাদের প্ল্যাটফর্মগুলিতে সংবাদ মাধ্যমকে সাহায্য করতে ১০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে।
