স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের উপদ্রবে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য ইতিমধ্যে ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুল। এবার সেই পথে সাকিব আল হাসান জানালেন, তিনি গত বিশ্বকাপে রানের ফোয়ারা ছোটানো ব্যাটটি তুলবেন নিলামে। এই ব্যাট বিক্রির সব অর্থ সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে দুস্থদের সহায়তায় ব্যয় করা হবে।
গত বিশ্বকাপে রীতিমতো রানবন্যা করেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব। ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেছিলেন তিনি। তিনি জানালেন, ঐ এক ব্যাট দিয়েই খেলেছিলেন সব ম্যাচ। ঐ ব্যাটটারই নিলাম হবে বলে জানিয়েছেন সাকিব, ‘গত বিশ্বকাপে আমি যে ব্যাট দিয়ে খেলেছি—আসলে একটু কুসংস্কারও ছিল, এক ব্যাট দিয়েই খেলেছি টেপ পেঁচিয়ে। ঐ ব্যাট আমি অকশনে দিয়েছি। আগামীকাল রাত ১০টায় ‘অকশন ফর অ্যাকশন’ পেইজ থেকে অকশন হবে। যারা আগ্রহী আছেন, ক্রীড়াপ্রেমী, যোগ দিতে পারেন অকশনে।’
সাকিব জানালেন, প্রিয় এই ব্যাট হাতছাড়া করতে তার মন না টানলেও শেষ পর্যন্ত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নিয়েছেন, ‘এই ব্যাটটি আমার কাছে খুব স্পেশাল। এই ব্যাট দিয়ে শেষ এক বছরে প্রায় দেড় হাজারের ওপরে রান করা—ব্যাটটা আমার কাছে অনেক প্রিয়। যেহেতু অনেক দিন ধরে খেলছি না, ব্যাটটা ব্যবহূতও হচ্ছে না। ১০-১৫ দিন আগে থেকেই কথা হচ্ছিল, এটা কীভাবে কাজে লাগানো যায়। যেহেতু আমার খুব কাছের এটি, তাই সহজে ছাড়তেও মন চায় না। তার পরও আমার কাছে মনে হলো, ভালো কাজের জন্য যদি এটা কাজে লাগে, তাহলে অবশ্যই ভালো হবে।’ ব্যাটের ন্যূনতম মূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা।
সাকিব জানিয়েছেন, এই ব্যাট থেকে প্রাপ্ত অর্থ যোগ হবে তার ফাউন্ডেশনে। সেখান থেকে সহায়তা করা হবে দুস্থদের। অসহায়দের পাশে দাঁড়াতে এর আগে বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরির ইতিহাসগড়া ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম।
