করোনা নেই, লিগ শুরু করল তুর্কমেনিস্তান

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৯:৪৪

স্পোর্টস ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে কাঁপছে পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। তবে নিজ দেশের করোনা ভাইরাসের কোনো আক্রান্ত না থাকায় এক মাস পর পুনরায় ফুটবল লিগ শুরু করলো তুর্কমেনিস্তান ফুটবল ফেডারেশন।

গত মার্চে শুরু হয়েছিল তুর্কমেনিস্তানের ফুটবল লিগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, করোনা ভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা দিলে চাপে পড়ে নিজেদের লিগ বন্ধ করে নেয় তুর্কমেনিস্তান ফুটবল ফেডারেশন। লিগের তিনটি ম্যাচ সম্পন্ন হয়েছিল।

কিন্তু এক মাস বন্ধ থাকার পর আবারো শুরু হলো তুর্কমেনিস্তানের ফুটবল লিগ। আট দলের লিগের চতুর্থ ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল গত বারের চ্যাম্পিয়ন আলতিন আশির ও এবারের মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষ দল কোপেতদাগের। ২০ হাজার ধারণক্ষমতাসম্পন্ন তুর্কমেনিস্তানের রাজধানী আশগাভাতে স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের ম্যাচটি দেখতে ৩০০ দর্শক উপস্থিত ছিলেন।

তুর্কমেনিস্তানে ফুটবল খেলা খুব বেশ জনপ্রিয় নয়। তারপরও দেশটির স্পোর্টস চ্যানেল জনপ্রিয় খেলা হ্যান্ডবল বাদ দিয়ে আলতিন আশির ও কোপেতদাগের ম্যাচ সরাসরি সমপ্রচার করে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

মাঠে উপস্থিত কোন দর্শকই মাস্ক বা গ­াভস পড়েননি। ৬০ বছর বয়সী এক দর্শক, মুরাদ বলেন, ‘এখানে করোনাভাইরাসের সংক্রমন নেই। তাহলে কেন আমাদের লিগ পুনরায় শুরু হবে না?’

মজা করে তিনি আরো বরেন,‘ খেলাধুলা সকল ভাইরাসকে মেরে ফেলবে। আপনার দল যখন জিতবে অনায়াসেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে।’—বাসস