ঝিনাইদহ-৩ আসনে ভোটযুদ্ধ হবে নৌকা ও ধানের শীষের

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২১:৫৫

ঝিনাইদহ-৩ আসনে (কোটচাঁদপুর-মহেশপুর) ভোটযুদ্ধ হবে নৌকা ও ধানের শীষের মধ্যে। এ আসনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। আর ধানের শীষ জামায়াতের ঝিনাইদহ জেলা সেক্রেটারি ও দলের সুরা সদস্য মো. মতিয়ার রহমান। এ আসনের অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির ব্যারিস্টার কামরুজ্জামান স্বাধীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সারোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ইনমাইল হোসেন।

প্রচারণার শুরুতেই আওয়ামী লীগ প্রার্থী জোরেসোরে নামেন। মনোমালিন্য মুছে বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজ শফিকুল আজম খান চঞ্চলের হাতে হাত মিলিয়ে ভোট চান। সর্বত্র উড়ছে নৌকার পোস্টার। বিভিন্ন স্থানে নজরে পড়ছে তাদের নির্বাচনী অফিস।

অপরদিকে ধানের শীষের প্রার্থীর প্রকাশ্য প্রচারণা কোথাও নজরে পড়ে না। ২০১৪ সালের পর প্রার্থী মো. মতিয়ার রহমানকে প্রকাশ্যে দেখা যায় না বর্তমানে তিনি  কারা অন্তরীণ। তবে মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলায় চেয়ারম্যান দু’জনই জামায়াতের। এ আসনে তাদের ভীতও শক্ত। তাদের নেতাকর্মীরা রাতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গোপনে প্রচারণা চালান। নারী কর্মীরাও মাঠে নামেন।

১৯৭৩ সালের নির্বাচনে এ আসানে জয়ী হন আওয়ামী লীগের ময়েনউদ্দিন মিয়াজী। ১৯৭৯ সালে জয়ী হন আইডিএল’র মাওলানা মোজাম্মেল হক, ১৯৮৬ সালে মাওলানা মজাম্মেল হক (জামায়াত), ১৯৮৮ নালে শামসুল হদা থান (জাতীয় পার্টি), ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপি’র শহিদুল ইসলাম মাস্টার, ২০০৮ শফিকুল আজম খান চঞ্চল (আওয়ামী লীগ) এবং ২০১৪ সালে অধ্যক্ষ নবী নেওয়াজ (আওয়ামী লীগ) নির্বাচিত হন।