স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের খানসামায় বাড়ির সীমানাপ্রাচীর নিয়ে বিরোধে খালাতো ভাইয়ের হামলায় আহত ভ্যানচালক মঙ্গলবার রাতে মারা গেছেন। তার নাম মনসুর আলী (৩৮)। এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। তিনি উপজেলার মারগাঁও গ্রামের আজগর আলীর ছেলে। খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন জানান, বাড়ির সীমানাপ্রাচীর নিয়ে খালাতো ভাই এজাবুল ইসলামের সঙ্গে মনসুর আলীর বিরোধ বাঁধে। এরই এক পর্যায়ে গত সোমবার বিকালে এজাবুল ইসলামসহ তার বাড়ির লোকজন মনসুর আলীর ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে রাতেই তাকে প্রথমে পাকেরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে সেখানে তার মৃত্যু ঘটে।
