বিপুলসংখ্যক ফাঁদ জব্দ পূর্ব সুন্দরবনে রেড অ্যালার্ট

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২০:৫২

সুন্দরবনে তত্পর হরিণ শিকারি চক্র

পিরোজপুর অফিস ও শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

পূর্ব সুন্দরবনে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে বনরক্ষীদের সকল প্রকার ছুটি। করোনার লকডাউনের এ সময় সুন্দরবনে  বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ উদ্ধার ও হরিণ শিকারি চক্রের তত্পরতা বৃদ্ধিতে বন বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, করোনার এ সময় সবাই যখন কিছুটা স্থবির সে সময় একাধিক চোরা শিকারি চক্র সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ শিকারের অপরাধে মেতে উঠেছে। গত তিন সপ্তাহে বনের বিভিন্ন স্থান থেকে হরিণ ধরা বিপুল পরিমাণ নাইলনের দড়ির ফাঁদ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১০ এপ্রিল বনের কচিখালী ডিমেরচর এলাকায় ৫০০ ফুট,  ১৭ এপ্রিল দুপুরে চান্দেশ্বর এলাকায় ৭০০ ফুট  এবং ২৮ মার্চ বিকালে চরখালী এলাকা থেকে ৫০০ ফুট ফাঁদ উদ্ধার করা হলেও কোনো শিকারিকে আটক করা সম্ভব হয়নি। এসব ঘটনায় বন আইনে তিনটি মামলা রেকর্ড করা হয়েছে। শিকারি চক্র পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া ও খলিফারহাট এবং সদর ইউনিয়নের রুহিতা, হরিণটানা ও পদ্মা গ্রামের কুখ্যাত পেশাদার  শিকারি চক্র বলে এসিএফ জানান। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন মুঠোফোনে জানান, সুন্দরবনে রেডএলার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে সকল প্রকার ছুটি। জোরদার করা হয়েছে বনরক্ষীদের টহল তত্পরতা। তিনি আরো বলেন, করোনার সময় হরিণ শিকারি চক্র তত্পর হলেও বনরক্ষীদের কঠোর নজরদারির কারণে তারা সফল হচ্ছে না বলে তিনি দাবি করেন। উল্লেখ্য, সুন্দরবনে বন বিভাগের স্মার্ট টিমের টহল অব্যাহত রয়েছে।