বিজ্ঞানের জন্য করোনা এলিজি

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২১:০২

এই সময়ের ছড়া 

বরেন চক্রবর্তী

রাস্তায় বাঘ নেই, ভল্লুক নেই, নেই কোনো রণ-ট্যাংক

তারপরও ঘরে ঘরে আটকে আছে শুধু মানুষের ব্যাংক

যে রাস্তায় হাঁটা যেত না গাদাগাদি ঠেলাঠেলির জন্য

সেই রাস্তা আজ সুনসান জনমনিষ্যি শূন্য। 

 

দরজায় কোনো টোকা নেই, চারপাশ নীরব নিশুত

দোর খুললেই যেন সটান দাঁড়াবে করোনা নামের মৃত্যুদূত,

দাঁত নেই, মাথা নেই, নেই কোনো ঊরু

হঠাত্ এই অণুুজীব বনে গেছে দুনিয়ার গুরু।

 

ট্রাম্প নয়, পুতিন নয়, নয় কোনো অন্য রাজন

বিশ্ব জুড়ে চলছে এখন করোনা-শাসন,

কত বোম, কত মিসাইল, পড়ে আছে ন্যাটোর ভান্ডারে

সবকিছু দমে গেছে করোনার এক হুংকারে।

 

বুলেট আছে, রকেট আছে, আছে কত রকমের ফুটানি

তারপরও চারপাশে শোনা যায় শুধু আশু মৃত্যুর গোঙানি,

এই অণুজীব জানে কিন্তু নানা রকমের ফিকির-ফন্দি

হাতকড়া দড়ি ছাড়াই রাজা-রানিদেরও করেছে প্রাসাদ-বন্দি।

 

কে ধরবে, কে মারবে, কে করবে তাকে শেষ

যে তার সামনে যায় সে-ই হয়ে যায় তিন ফুট মাটির নিচে নিরুদ্দেশ,

ঘরে ঘরে মানুষ জিরায়, কামকাজ সব বন্ধ

করোনাকে কেউ চোখে দেখে না, এখানেই সবাই অন্ধ।

 

কেউ ভাবেনি, কেউ বোঝেনি

পৃথিবীতে একদিন আসবে করোনা নামের এক পথভোলা

মর্ত্যে পা ফেলেই বিজ্ঞানকে সে দেখাবে কাঁচকলা।

নেই ওষুধ, নেই ভ্যাকসিন, এই অণুজীব দিল সবার চোখে ধুলো

বিজ্ঞানীদের সামনে এখন ঝুলছে শুধু করোনা নামের অদৃশ্য এক মুলো।