বিবিসি
মোজাম্বিকের উত্তরাঞ্চলের একটি গ্রামে ইসলামপন্থি জঙ্গিরা অন্তত ৫২ জন বাসিন্দাকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। এদের মধ্যে অনেককে শিরশ্ছেদও করা হয়েছে। গ্রামবাসী জঙ্গিগোষ্ঠীতে যোগ দিতে অস্বীকার করায় এই নির্বিচার হত্যাকাণ্ড চালানো হয়। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
পুলিশ জানিয়েছে, কাবো ডেলগাডো প্রদেশের শিটাক্সি গ্রামে গত ৭ এপ্রিল ঘটনাটি ঘটলেও মঙ্গলবার তা প্রকাশ্যে আসে। প্রায় তিন বছর ধরে চলা নানা সহিংসতায় সেখানে কয়েকশ মানুষ নিহত ও অসংখ্য লোক বাস্তুচ্যুত হয়েছে। তবে সেখানে আল—শাবাব জঙ্গি গোষ্ঠী প্রায়ই এ ধরণের হত্যাকান্ড চালায়। গত মাসে তারা খুব সহজেই মোসিমবোয়া ডে পারায়া শহরের নিয়ন্ত্রণ নেয়। এই গ্রুপটি একই নামের একটি বৃহত্তর সোমালি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত কি-না, তা পরিষ্কার নয়।
