রোগী শনাক্তে ভুল ফল আসার পর করোনার র্যাপিড টেস্ট দুই দিনের জন্য স্থগিত করেছে ভারত। দেশটির মেডিক্যাল গবেষণার প্রধান প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) সব রাজ্যে মঙ্গলবার এই স্থগিতের নির্দেশ দিয়েছে। খবর সিএনএনের
আইসিএমআর বলছে, এরই মধ্যে যেসব কিট ব্যবহার করে করোনা পরীক্ষা করা হয়েছে; সেসব কিট মানসম্মত কিনা তা যাচাই করার জন্য আইসিএমআরের কর্মকর্তাদের পাঠানো হচ্ছে। এছাড়া ত্রুটিপূর্ণ র্যাপিড টেস্ট কিটস শনাক্ত করার পর সেগুলো উত্পাদনকারী প্রতিষ্ঠানের কাছে ফেরত পাঠানো হবে। আইসিএমআরের প্রধান রমন আর গঙ্গাখেড়কার বলেন, পজিটিভ নমুনাগুলোতে নানা ধরনের ভিন্নতা দেখা যাচ্ছে এবং এগুলোর তদন্ত দরকার। কিছু কিছু টেস্টে করোনার ভুল ফলও পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। গত সপ্তাহে প্রথমবারের মতো করোনার র্যাপিড টেস্ট কিট ব্যবহার শুরু করেন ভারতীয় চিকিত্সকেরা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বারবার বলছে, র্যাপিড টেস্ট শুধু নজরদারি এবং মহামারির গতি-প্রকৃতি বোঝার জন্য ব্যবহার করা উচিত। ভারতে মঙ্গলবার পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার ৬২১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২০ হাজার ১৭৮ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪৫ জন। এছাড়া চিকিত্সা শেষে সুস্থ হয়ে উঠেছেন আরো ৩ হাজার ৯৭৬ জন।
