ময়মনসিংহ ও নওগাঁ বিসিক শিল্পনগরী
আসন্ন রোজা উপলক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক)-এর ময়মনসিংহ ও নওগাঁ শিল্পনগরীর শিল্পপ্রতিষ্ঠানসমূহ চিড়া-মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য উত্পাদন করছে। রমজান মাসে ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে এ সব নিত্যপ্রয়োজনীয় পণ্য উত্পাদন অব্যাহত রাখা হয়েছে।
বিসিকের সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ও নওগাঁ বিসিক শিল্পনগরীর মোট ১১টি শিল্পপ্রতিষ্ঠান বর্তমানে দৈনিক ৯০ টনের অধিক চিড়া ও মুড়ি উত্পাদন করছে যার বাজার মূল্য প্রায় ৪ লাখ ৯২ হাজার টাকা। ময়মনসিংহ ও নওগাঁ বিসিক শিল্পনগরীতে উত্পাদিত চিড়া ও মুড়ি বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরাঞ্চলসহ সারাদেশে সরবরাহ করা হয়।
বিসিক শিল্পনগরী ময়মনসিংহের শিল্পনগরী কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম জানান, এ শিল্পনগরীতে মোট ৭২টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে চালু আছে ২৭টি শিল্পকারখানা। এর মধ্যে সাতটি কারখানায় বর্তমানে দৈনিক ৮৬ টন মুড়ি ও চিড়া উত্পাদিত হচ্ছে। চিড়া-মুড়ি ছাড়াও ময়মনসিংহ বিসিক শিল্পনগরীতে জীবনরক্ষাকারী ঔষধ, বিস্কুট, কেক, রুটি, সরিষার তেল, মশার কয়েল, বালাইনাশক, প্রিন্টিং ও প্যাকেজিং পণ্য উত্পাদন অব্যাহত রয়েছে।
অন্যদিকে, নওগাঁ বিসিক শিল্পনগরীতে ৫৩টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে করোনা ভাইরাসের কারণে বর্তমানে ২৯টি চালু রয়েছে। এগুলোর মধ্যে চারটি শিল্পপ্রতিষ্ঠান বর্তমানে দৈনিক সাড়ে চার টন চিড়া ও মুড়ি উত্পাদন করছে। এছাড়াও এ শিল্পনগরীতে অন্যান্য প্রয়োজনীয় পণ্যও উত্পাদন হচ্ছে।
নওগাঁ বিসিক শিল্পনগরীর শিল্পনগরী কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম বলেন, কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়টি বিসিকের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করার পাশাপাশি কারখানা চালু রাখতে মালিকদের সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে।
