নারী উদ্যোক্তাদের জন্য ওয়েব সেমিনার আয়োজন করল ব্র্যাক ব্যাংক

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২১:৩৮

কোভিড-১৯ চলাকালীন সময়ে ব্যাবসায়িক কৌশল নিয়ে নারী উদ্যোক্তাদের জন্য সম্প্রতি ওয়েব সেমিনার বা ওয়েবিনার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির নারীদের জন্য বিশেষ ব্যাংকিং সেবা ‘তারা’ এই ডিজিটাল সেমিনারটি আয়োজন করে। কোভিড-১৯-এর প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী জরুরি অবস্থা এবং অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয়েছে। এর বিস্তার বিশ্ব জুড়ে সামাজিক ও ব্যাবসায়িক অগ্রযাত্রাকে ব্যাপকভাবে ব্যাহত করেছে। এর ফলে সবচেয়ে ভোগান্তির মধ্যে পড়েছে দেশের স্টার্টআপ এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলো। এক ঘণ্টার এই ওয়েবিনারটিতে কোভিড-১৯-এর বর্তমান পরিস্থিতি নিয়ে ‘তারা’ গ্রাহকদের সঙ্গে বিশদ আলোচনা করা হয়। এর পাশাপাশি দুর্যোগকালীন এ সময়ে অভ্যন্তরীণ এবং বাহ্যিক রিসোর্সের ওপর করোনার প্রভাব, মহামারির বিভিন্ন ধাপ এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কীভাবে এই কোভিড-১৯ পরিস্থিতি আরো ভালোভাবে মোকাবিলা করতে পারবেন—সে ব্যাপারেও পরামর্শ দেওয়া হয়। প্রতিটি উপার্জিত তহবিল থেকে একটি ছোটো সুরক্ষা নেট ভাতা চালু করার পরামর্শও দেওয়া হয় উদ্যোক্তাদের। এতে করে বাজেট নিয়ে প্রতিকূলতা থাকা সত্ত্বেও ব্যবসা টিকিয়ে রাখার সামর্থ্য অর্জন করতে পারেন ক্ষুদ্র ও মাঝারি নারী ব্যবসায়ীরা। ওয়েবিনারে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের পরামর্শের পাশাপাশি কৌশলগত বিভিন্ন তথ্য ও উপাত্ত দেওয়া হয় যা দুর্যোগকালীন সময়ে তাদের ব্যাবসায়িক পরিচালন ব্যবস্থা আরো কার্যকরী করবে। —প্রেস বিজ্ঞপ্তি