মুত্তিয়া মুরালিধরনের শূন্য আসনটায় বসেছিলেন তিনি। নিজের সোনালী সময় বেঞ্চে বসে থাকার আফসোস ঘুচিয়েছেন একটার পর একটা রেকর্ড করে। অবশেষে সেই রঙ্গনা হেরাথের যুগও শেষ হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট থেকে একে একে নিভে গেলো তাদের সোনালি সময়ের সব ক্রিকেটারের দেউটি। আজ থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কা নামবে সেই হেরাথকে ছাড়াই। শুরু হবে নতুন এক যুগ।
সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দাপট দেখিয়েছে ইংল্যান্ড। গল টেস্ট ২১১ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে ইংলিশরা। তারই ধারাবাহিকতা অব্যাহত রেখে আজ শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও জয়ী হয়ে তিন ম্যাচের সিরিজ আগেই নিশ্চিত করতে চায় সফরকারী ইংল্যান্ড। তবে সিরিজে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়ানোই প্রধান লক্ষ্য শ্রীলঙ্কার। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা আনতে মুখিয়ে আছে লঙ্কানরা। ক্যান্ডিতে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
পাঁচ ম্যাচের ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি সিরিজ জিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট লড়াই শুরু করে ইংল্যান্ড। তবে শ্রীলঙ্কার কন্ডিশনে টেস্ট সিরিজ হওয়াতে ইংল্যান্ডকে এগিয়ে রাখা যাচ্ছিলো না। কিন্তু গল-এ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করেছে ইংল্যান্ড। দুই ইনিংসেই ব্যাট হাতে তিনশ’ রানের কোটা স্পর্শ করেছে তারা। প্রথম ইনিংসে ৩৪২ ও দ্বিতীয় ইনিংসে ৩২২ রান করে দলটি। পক্ষান্তরে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ২০৩ রান। ফলে ম্যাচ জয়ের জন্য ৪৬২ রানের বড় টার্গেট পায় শ্রীলঙ্কা।
সেই লক্ষ্যে ছুটতে গিয়ে মুখ থুবড়ে পড়ে শ্রীলঙ্কার। দুই স্পিনার ডান-হাতি মঈন আলী ও বাঁ-হাতি জ্যাক লিচেনের ঘূর্ণিতে ২৫০ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। ফলে রান বিবেচনায় ইংল্যান্ডের কাছে সবচেয়ে বড় ব্যবধানে হার মানে শ্রীলঙ্কা।
এগিয়ে থাকায় আত্মবিশ্বাসী ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচও জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় ইংলিশরা। ক্যান্ডি টেস্টের আগে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট বলেন, ‘প্রথম টেস্টে আমাদের পরিকল্পনাগুলো ভালোভাবে কাজ করেছে। দ্বিতীয় ম্যাচের জন্যও আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টেস্টটিও জিততে চাই আমরা। আমাদের সামনে সিরিজ জয়ের ভালো সুযোগ। তবে আমরা অনেক বেশি উচ্ছসিত নই। কারণ শ্রীলঙ্কার কন্ডিশনে ম্যাচ জিততে হলে শতভাগ পারফরমেন্স করতে হয়। আমরা আবারো সেটাই করতে চাচ্ছি। যা গেল টেস্টে করেছিলাম।’
সিরিজ পিছিয়ে পড়ায় হতাশা গ্রাস করেনি শ্রীলঙ্কাকে। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চায় তারা। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক পেসার সুরাঙ্গা লাকমাল। তিনি বলেন, ‘প্রথম টেস্টে আমরা ভালো করতে পারিনি। কেন পারিনি, এ ব্যাপারে আমরা অনেক আলোচনা করেছি। তবে দ্বিতীয় ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াবো। আমাদের লক্ষ্য সিরিজে সমতা আনা। এজন্য ব্যাটসম্যান-বোলারদের দুর্দান্ত পারফরমেন্স করতে হবে। বিশেষভাবে ব্যাটসম্যানদের। গেল টেস্টে বড় বড় জুটি না হওয়াতেই আমরা ম্যাচ হেরেছি। আশা করবো, প্রথম ম্যাচের ভুল দ্বিতীয় টেস্টে হবে না’
প্রথম টেস্টে কুচকির ইনজুরিতে পড়েন শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক চান্ডিমাল। ফলে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছে তাকে। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন নতুন মুখ চারিথ আশালঙ্কা।
এদিকে, ইনজুরি থেকে সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন ইংল্যান্ডের নিয়মিত উইকেটরক্ষক জনি বেয়ারস্টো। দ্বিতীয় টেস্টে তার খেলা নিশ্চিত। প্রথম টেস্টে বেয়ারস্টো না থাকায়, ইংল্যান্ডের উইকেটের পেছনে দায়িত্ব পালন করেছেন নতুন মুখ বেন ফোকস। নিজের অভিষেক ম্যাচের ইনিংসে ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাই বেয়ারস্টো একাদশে ফিরলেও বাদ পড়ার কোনো সুযোগ নেই ফোকসের। বেয়ারস্টো ও ফোকসকে নিয়ে একাদশ সাজানো হবে বলে নিশ্চিত করেছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।-বাসস
