ত্রাণ আত্মসাত্কারী কাউকেই ছাড় দেওয়া হবে না —দুদক চেয়ারম্যান

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২২:০৫

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ত্রাণসহ অন্যান্য সরকারি সহযোগিতা নিয়ে যে অনিয়ম-দুর্নীতি করবে তাকেই আইনের আওতায় আনা হবে। ত্রাণ আত্মসাত্কারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে গতকাল জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি হলে সে ব্যাপারে কঠোর ভূমিকা রাখবে দুদক। তাছাড়া এসব অনিয়ম দুর্নীতির ব্যাপারে এ যাবত্ যেসব মামলা করা হয়েছে সেগুলোর দ্রুত তদন্ত শেষ করার কথা বলেছেন তিনি। উল্লেখ্য, ত্রাণ আত্মসাতের অভিযোগে এ পর্যন্ত (দেশের বিভিন্ন জেলায়) সাতটি মামলা দায়ের করেছে দুদক।

দুদক সূত্র জানিয়েছে, ত্রাণসহ সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির কার্যক্রম নজরদারি করছে প্রতিষ্ঠানটি। এরপরই ১২ এপ্রিল বগুড়ায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, বগুড়ায় প্রথম মামলাটি দায়ের করে দুদক। এরপরে পর্যায়ক্রমে (দেশের বিভিন্ন জেলায় আরো ছয়টিসহ মোট) সাতটি মামলা দায়ের করা হয়।