শ্রমিকদের সুরক্ষা না দিয়ে ও সামাজিক দূরত্ব বজায় না রেখে পোশাক কারখানা চালানোয় গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেডিটেক্স লিমিটেড ও রেজাউল এ্যাপারেলস লিমিটেড দুইটি পোশাক কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় সেনাবাহিনীর একটি টহল টিম ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, কারখানা দুটি বাইরে গেট বন্ধ রেখে ভেতরে শ্রমিকদের রক্ষার্থে কোনো প্রকার নিরাপত্তা নিশ্চিত না করে ও সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব না রেখে শ্রমিকদের দিয়ে কাজ চালানো হচ্ছিল। ফলে মেডিটেক্স লিমিটেডকে ৩০ হাজার টাকা ও রেজাউল এ্যাপারেলস লিমিটেড কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
