ওআইসির বিশেষ বৈঠক

করোনা মোকাবিলায় জরুরি তহবিলের প্রস্তাব বাংলাদেশের

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২২:৪১

নতুন করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কর্মপন্থা নির্ধারণ ও স্বাস্থ্য কর্মীদের সক্ষমতা বৃদ্ধির জন্য ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এর নির্বাহী কমিটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ বৈঠক গতকাল বুধবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় জরুরি তহবিল গঠনের প্রস্তাব করেছে বাংলাদেশ। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব     করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিত্সা বিজ্ঞান এবং সরঞ্জামাদি নিয়ে যেসব গবেষণা প্রতিষ্ঠান কাজ করে তাদের করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে একত্রিত করে এই মুহূর্তে অতি প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সরঞ্জামাদি তৈরি করার কাজে লাগাতে ওআইসি সচিবালয় এবং এর অঙ্গ সংগঠনসমূহকে বাংলাদেশ আহ্বান জানিয়েছে। অভিবাসী শ্রমিক, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ওআইসিভুক্ত দেশে যে সকল মুসলিম শ্রমিক কাজ করছে তাদের চাকরি বজায় থাকার নিশ্চয়তা প্রদানের ব্যবস্থা করার জন্য সদস্য রাষ্ট্রসমূহকে অনুরোধ করেন পররাষ্ট্র।

এই মহামারির প্রকোপ না কমা পর্যন্ত মুসলিম অভিবাসীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় আর্থিক ও চিকিত্সা সহায়তা প্রদান এবং তাদের চাকরি রক্ষার ব্যবস্থা করার জন্য মানবাধিকার সংগঠনসমূহকে নিয়ে কাজ করার জন্য ওআইসি সচিবালয়কে বাংলাদেশ আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং নাইজার—এই ছয়টি সদস্য রাষ্ট্র নিয়ে ওআইসির বর্তমান নির্বাহী কমিটি গঠিত। সৌদি আরবের সভাপতিতে এই ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রী/প্রতিনিধি ও ওআইসি মহাসচিবের অংশগ্রহণে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

কোভিড-১৯ ও এর পরবর্তী অবস্থা মোকাবিলার জন্য নির্বাহী কমিটি বিশ্বব্যাংক, আইএমএফসহ অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক সংস্থাকে স্বল্পোন্নত দেশ সমূহের ঋণ মওকুফসহ সহজ শর্তে ঋণ পাবার বন্দোবস্ত করার জন্য ভেবে দেখতে অনুরোধ করেন। ওআইসির ইসলামী উন্নয়ন ব্যাংক কোভিড-১৯ এর মোকাবিলায় সম্প্রতি ২৩০ কোটি ডলারের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।