রাজধানীর পল্টন এলাকার একটি পোশাক কারখানা বন্ধের ঘোষণা দেওয়ায় সড়কে নেমে বিক্ষোভ দেখিয়েছেন শ্রমিকরা। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ গিয়ে বুঝিয়ে বলার পর তারা ঘরে ফিরে যান।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, পল্টনের স্কাউট ভবনের পেছনের এলাকায় ‘ইটন ফ্যাশন’ নামের একটি কারখানায় কাজ করেন আন্দোলনকারী শ্রমিকেরা। গতকাল কারখানায় গিয়ে তারা বন্ধের নোটিশ দেখতে পান। এতে ক্ষিপ্ত হয়ে শতাধিক শ্রমিক রাস্তায় নেমে পড়েন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। দীর্ঘ অপেক্ষার পরও মালিকপক্ষের কেউ সেখানে উপস্থিত হননি। ফলে এ বিষয়ে কোনো আলোচনা করা সম্ভব হয়নি। পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, শ্রমিকদের সব বেতন-ভাতা পরিশোধের পর কারখানাটি বন্ধ ঘোষণা করেছে। তবে তার পরও শ্রমিকরা বিক্ষোভ করেছেন। প্রায় দুই ঘণ্টা বিক্ষোভের পর সকাল সাড়ে ১১টার দিকে তারা ফিরে যান।
