নিখোঁজের এক মাস পর স্কুলছাত্রীর গলা কাটা লাশ উদ্ধার

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২২:৪৪

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক ছাত্রীকে গলা কেটে হত্যা করে লাশ স্কুলের কক্ষে রেখে গেছে হত্যাকারীরা। গতকাল বুধবার অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রায় এক মাস ধরে নিখোঁজ ছিল ঐ ছাত্রী। নিখোঁজের পর থানায় সাধারণ ডায়ারি করা ছিল। ঐ ছাত্রীর নাম কাকলী। সে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইসলামাবাদ গ্রামে ভজন মিস্ত্রির মেয়ে এবং ইসলামাবাদ সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।      

এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় এক মাস ধরে ঐ ছাত্রী নিখোঁজ ছিল। তার নিখোঁজের বিষয়ে মতলব উত্তর থানায় সাধারণ ডায়ারি করা ছিল। গতকাল স্থানীয় শিশুরা ইসলামাবাদ ইউনিয়নের সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়সংলগ্ন অক্সফোর্ড কিন্ডারগার্টেনের মাঠে খেলাধুলা করছিল। তাদের খেলার বল অক্সফোর্ড কিন্ডারগার্টেনের একটি কক্ষে গিয়ে ঢুকে। বল কুড়াতে গিয়ে শিশুরা গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা এসে কাকলীকে শনাক্ত করে। খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা ও পুলিশ (তদন্ত) শাহজাহান কামাল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।