আসুন ঐক্যবদ্ধভাবে জনগণকে সুরক্ষা দেওয়ার রাজনীতি করি :তথ্যমন্ত্রী

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ২২:৫৪

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপিসহ সকল রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাব, আসুন অন্য রাজনীতি নয়, আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে সুরক্ষা দেওয়ার রাজনীতিটাই করি।’

গতকাল বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে মন্ত্রী আরো বলেন, ‘এখন রাজনীতি করার সময় নয়, একে অপরকে দোষারোপ করার সময় নয়, এখন সময় হচ্ছে সব রাজনৈতিক দল মিলে সবাই ঐক্যবদ্ধভাবে এ মহাদুর্যোগ মোকাবিলা করা।’

করোনার বিশ্বপরিমাপক বা ওয়ার্ল্ডোমিটার থেকে এ সময় দেশের তুলনামূলক পরিসংখ্যান  উদ্ধৃত করে ড. হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা শনাক্তের পর দুঃখজনকভাবে এ পর্যন্ত ১২০ জনের প্রাণহানি ও ৩ হাজার ৭৭২ জন শনাক্ত হয়েছে, আমরা মৃতের আত্মার শান্তি ও আক্রান্তদের আরোগ্য কামনা করি। আর কাছাকাছি সময়, ১১ মার্চ তুরস্কে প্রথম করোনা শনাক্তের পর এ পর্যন্ত  ২ হাজার ২৫৯ জন মৃত্যুবরণ করেছে ও ৯৫ হাজার ৫৯১ জন রোগী শনাক্ত হয়েছে। অর্থাত্ আমাদের পরিস্থিতি এখনো অনেক দেশের চেয়ে ভালো। কিন্তু, সেটি যেন আরো খারাপের দিকে না যায়, সেজন্য সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এ সময় উপস্থিত ছিলেন।