দিনাজপুরের হিলি সীমান্তের জিলাপিপট্টি এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ রনি মিয়া নামে এক কিশোরকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার বর্ডার গার্ড বাংলাদেশ, হিলি বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। হিলি বিওপি ক্যাম্প সূত্র জানায়, ভোরে সীমান্ত দিয়ে দেশে ফেন্সিডিল পাচার হচ্ছে নিজস্ব গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে ক্যাম্পের হাবিলদার সালাহউদ্দীনের নেতৃত্বে বিজিবি সদস্যরা জিলাপিপট্টি এলাকায় অবস্থান নেন। এসময় ফেন্সিডিল পাচার করে আনার পথে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এদের একজন রনিকে আটক করা হয়। বিজিবি তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। আটক রনি উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে হাকিমপুর থানায় মামলা করেছে।
