ভারতে থাকা বাংলাদেশি তাবলীগ সদস্যদের আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০০:৩৯

করোনা ভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতের বিভিন্ন স্থানে লকডাউনে আটকে আছেন বাংলাদেশ থেকে আগত প্রায় ৩০০ তাবলীগ জামাতের সদস্যরা। এর মধ্যে পুরুষের পাশাপাশি তাবলীগের মাস্তুরাত জামাতে অনেক মহিলারও আটকে গিয়েছেন সেখানে। এসব বাংলাদেশি তাবলীগ জামাতের সদস্যসহ আরও বিভিন্ন কাজে সেখানে আটকে থাকা বাংলাদেশিদের দিল্লি থেকে আকাশপথে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বিশেষ একটি ফ্লাইটে করে ১৬৯ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। এর আগে, সোমবার (২০ এপ্রিল) আটকে পড়া ১৬৪ জন বাংলাদেশি ভারত থেকে দেশে ফেরেন।

নয়াদিল্লির বাংলাদেশের মিশন জানিয়েছে, ভারতে আটকে পড়া ১৬৯ জন বাংলাদেশি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার দুপুরে দেশে ফিরেছেন। সামনের কয়েকদিনে এমন আরও কয়েকটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। এসব ফ্লাইটের মাধ্যমে ভারতের চেন্নাই, তামিলনাড়ু ও কর্ণাটকসহ দেশটির বিভিন্ন রাজ্যে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন।

বার্তায় মিশন আরও জানিয়েছে, বাংলাদেশ সরকারের উদ্যোগে ভারত এরই মধ্যে এসব ফ্লাইটের বিষয়ে অনুমতি দিয়েছে। এখন সেগুলোর জন্য দূতাবাস প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। গত ২৫ মার্চ ভারতে লকডাউন শুরু হওয়ার আগেই বাংলাদেশিদের সহায়তার জন্য দূতাবাস থেকে হটলাইন বা হেল্পলাইন চালু করা হয়। গত একমাসে এই হটলাইনে প্রায় ১০ হাজার বাংলাদেশি ফোন করে সহায়তা বা পরামর্শ নিয়েছেন। এই তালিকা দূতাবাসে সংরক্ষণ করা আছে। এই তালিকা থেকে অনুমিত হচ্ছে যে ভারতের একাধিক রাজ্যে প্রায় আড়াই থেকে তিন হাজার বাংলাদেশি অবস্থান করছেন।


তাই অতিসত্বর সেখানে আটকে থাকা বাংলাদেশী তাবলীগ জামাতের সদস্যদেরকে নয়া দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের [email protected] এই ই-মেইলে সংযুক্ত ছক অনুযায়ী নাম, পাসপোর্ট নম্বর, ই-মেইল ও বর্তমান ঠিকানাসহ নিবন্ধন করার জন্য আহ্বান করা হচ্ছে। এই বিষয়ে প্রয়োজনীয় বিষয় জানানার জন্য মোঃ মুনিরুজ্জামান, মোবাইলঃ +৮৮-০১৬-৭০০৭৭৩৭৭-এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ