মন্ত্রিপরিষদের সাবেক সচিব ও পিএসসির সাবেক চেয়ারম্যান সা’দত হুসাইন আর নেই। গতকাল বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গত ১০ দিন ধরে আইসিইউতে ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি কিডনির জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন বলে জানান তার ছেলে শাহজেদ সা’দত। করোনা ভাইরাস পরিস্থিতির এই সময়ে বৃহস্পতিবার ঢাকায় লাশ দাফনের প্রস্তুতি নিয়েছে তার পরিবার। শাহজেদ আরো বলেন, ‘এখন আমি, দুই বোন, মা-খালা পারিবারিকভাবে আলোচনা করে দাফনের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
সা’দত হুসাইন ২০০২ থেকে ২০০৫ সালে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে ছিলেন। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৬ সালের ২৪ নভেম্বর নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি করেন। পাকিস্তান আমলে ১৯৭০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগ দেন সা’দত। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে গিয়ে প্রবাসী সরকারে যেভাবে দায়িত্ব পালন করেন, তা তিনি লিখে গেছেন ‘মুক্তিযুদ্ধের দিন-দিনান্ত’ বইয়ে।
