বিএনপিকে ১০ হাজার মাস্ক পাঠালো চীনের কমিউনিস্ট পার্টি

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০০:৫৩

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার জন্য বিএনপিকে ১০ হাজার মাস্ক উপহার দিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। গতকাল ঢাকার চীন দূতাবাস থেকে এ সুরক্ষাসামগ্রীগুলো সংগ্রহ করে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

সুরক্ষাসামগ্রীগুলো পাঠানোর পর বিষয়টি দলের সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদকে অবহিত করে চায়না কমিউনিস্ট পার্টি। পরে সেগুলো চীন দূতাবাস থেকে সংগ্রহ করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একটি প্রতিনিধিদলকে সেখানে পাঠান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধিদলের সদস্যরা হলেন—বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের পক্ষ থেকে চীনা কমিউনিস্ট পার্টি ও ঢাকায় চীনা দূতাবাসের কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রতিনিধিদলের নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ।