শিশুসহ ভাড়াটিয়াকে বাসা থেকে বের করে দেওয়া

সেই বাড়িওয়ালী শম্পা কারাগারে

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০১:০২

ঝড়ের রাতে দুই মাসের শিশুসন্তানসহ ভাড়াটিয়াকে বাসা থেকে বের করে দেওয়া এবং মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বাড়িওয়ালি নূর আক্তার শম্পার রিমান্ড ও জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত উভয় পক্ষের শুনানি শেষে  এই আদেশ দেন। গতকাল দুপুর ১২টার দিকে শম্পাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক সাইদুর রহমান।

গতকাল বিকাল ৩টায় রিমান্ড আবেদনের ওপর শুনানি শুরু হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী তার মক্কেলের রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আর্জি জানান। পরে আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে শম্পার রিমান্ড ও জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে বাড়িওয়ালি শম্পাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

মামলার এজাহার থেকে জানা যায়, গত রবিবার রাতে এক মাসের বাড়ি ভাড়া বাকি থাকায় দুই মাসের শিশুসন্তানসহ তিন সন্তান ও বাবা-মাকে মারধর করে পান্থপথের বাসা থেকে বের করে দেন বাড়িওয়ালি শম্পা। ঐ সময় বাইরে ঝড়বৃষ্টি হচ্ছিল। এ ঘটনায় ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে রাজধানীর কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. সেলিম  হোসেন। মামলা দায়েরের পর র্যাব ও পুলিশ সদস্যরা মানবিক বিবেচনায় ভাড়াটিয়া পরিবারকে বাড়িতে রাখার অনুরোধ জানালেও তাতে অস্বীকৃতি জানান বাড়িওয়ালি শম্পা। পরে পুলিশ গিয়ে ভাড়াটিয়াকে বাসায় তুলে দেয়।