ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন ভিক্টিম সাপোর্ট সেন্টারের মাধ্যমে সহিংসতার শিকার নারী ও শিশুদের আইনি, মানসিক ও স্বাস্থ্যগত সহায়তা; নারী ও শিশু সম্পর্কিত অপরাধের তদন্ত এবং কুইক রেসপন্স টিমের মাধ্যমে ভিকটিম উদ্ধারসহ জরুরি সেবা দিয়ে থাকে। করোনা পরিস্থিতিতেও নিয়মিত এসব সেবার পাশাপাশি এই ডিভিশনের সব সদস্য শুধু ভিকটিম নয়, নিম্ন আয়ের অসহায় মানুষের জন্যও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনা পরিস্থিতিতে এই ডিভিশনের উপপুলিশ কমিশনার তার সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে ৫০টি পরিবারকে দুই দিনের খাদ্যসহায়তা দিয়ে শুরু করেন অসহায় মানুষের পাশে থাকার বিরামহীন যাত্রা। পরবর্তী সময়ে তার সঙ্গে যুক্ত হন ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। তেজগাঁও থানা এলাকার তালিকাভুক্ত তিন শতাধিক অসহায় কর্মহীন পরিবারের মধ্যে নিজেদের তৈরি করা খাবার বিতরণ করছেন তারা।
সম্প্রতি উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের সব সদস্য নিজেদের রেশন ঘরে না নিয়ে তার সঙ্গে বেতনের টাকা দিয়ে একটি ফান্ড তৈরি করেছেন। বর্তমান পরিস্থিতিতে যেসব অসহায় নারী ও শিশু (সিঙ্গেল মাদার, বিধবা, কর্মহীন নারী) মানবেতর জীবন যাপন করছেন, অথচ লজ্জায় লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে পারছেন না, তাদের জন্য তারা নিজস্ব উদ্যোগে বিশেষ খাদ্যসহায়তা সেবা দিচ্ছেন। আপনার প্রয়োজন জানিয়ে যোগাযোগ করুন (০১৭৪৫-৭৭৪৪৮৭, ০১৭৬৯-০৫৮১০১, ০১৭১৩-৩৯৮৩৬০)।
