করোনায় গোটা বিশ্ব বদলালেও বদলায়নি আওয়ামী সরকারের আচরণ :রিজভী

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০১:০৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, করোনা ভাইরাসের মহামারিতে গোটা পৃথিবী হঠাত্ করে বদলে গেলেও বাংলাদেশে আওয়ামী সরকারের আচরণ বদলায়নি। তারা নিপীড়ন, চুরি বন্ধ করেনি। তিনি বলেন, করোনা মোকাবিলায় মেডিক্যাল সরঞ্জাম ক্রয় নিয়েও চলছে নানা কেলেঙ্কারি। দেশব্যাপী মেডিক্যাল সরঞ্জামের প্রচণ্ড ঘাটতি বিদ্যমান। যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা করোনা মোকাবিলায় ফ্রন্ট লাইনে লড়াই করছেন তাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকায় ইতোমধ্যে কারও মৃত্যু হয়েছে এবং অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন।

গতকাল বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের অন্তর্গত গ্রামগুলোতে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। রূপগঞ্জ থানা বিএনপির সাবেক সহসভাপতি, দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফ আহমেদ টুটুল এবং রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের নিজস্ব অর্থায়নে দাউদপুর ইউনিয়নের খাস দাউদপুরে অসহায় ও দুস্থদের মধ্যে ঐ ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় এক হাজার ২০০ জনকে খাদ্যসামগ্রীর (চাল, ডাল, আটা, মুড়ি, পেঁয়াজ ও আলু) প্যাকেট দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন দীপু, বিএনপি নেতা হিরোন মাস্টার, রূপগঞ্জ থানা ছাত্রদলের আবু মো. মাসুম, সুলতান মাহমুদ, নাদিম মাহমুদ, মাইনুল ইসলাম সুরুজ, নাসিম হোসেন প্রিন্স প্রমুখ।