রংপুরে ৫টি আসনে লড়াই হবে ত্রিমুখী, একটিতে দ্বিমুখী!

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:০০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ের সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে ত্রিমুখী-আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও বিএনপির মধ্যে।

রংপুর-১ আসনে (গঙ্গাচড়া ও রংপুর সিটির কিছু অংশ) আওয়ামী লীগের সরাসরি কোনো প্রার্থী নেই। এই আসনে মহাজোটের প্রার্থী হয়েছেন জাপার মহাসচিব প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। এই আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকিরা হলেন, বিএনপির শাহ্ মোঃ রহমতুল্লাহ, স্বতন্ত্র প্রার্থী সিএম সাদিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোক্তার হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির ইশা মোহাম্মদ সবুজ।

রংপুর-২ আসন (বদরগঞ্জ ও তারাগঞ্জ) ভোটের লড়াইয়ে আছেন ১০ জন। এদের মধ্যে আওয়ামী লীগের বর্তমান এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক আবারও প্রার্থী। এই আসনে জাপার প্রার্থী আসাদুজ্জামান লাঙ্গল প্রতীকে লড়ছেন। এ ছাড়াও এক সময়ের জাপার সাবেক এমপি আনিসুল ইসলাম মণ্ডল স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন। এই আসনে নৌকা লাঙ্গল ও ধানের শীষের মধ্যে ত্রিমুখী লড়াই হবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ি রংপুর নগরীতে হওয়ায় রংপুরের ভাষায় ‘হামার ছাওয়াল’ আসনটি (রংপুর-৩ সদর) পঞ্চম সাধারণ নির্বাচন থেকেই রয়ে গেছে। একাদশ সাধারণ নির্বাচনেও তিনি প্রার্থী। রংপুর-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে পিপলস পার্টি অব বাংলাদেশের প্রার্থী রিটা রহমান ধানের শীষের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। আওয়ামী লীগের নবম ও দশম সংসদে নির্বাচিত এমপি টিপু মুনশি এবারো প্রার্থী। তার সঙ্গে লড়ছেন কাউনিয়ার বিড়ি শিল্প নগরীর বিড়ি ব্যবসায়ী বিএনপি ও জাপার দুই তরুণ প্রার্থী।  তারা হলেন এমদাদুল হক ভরসা ও মোস্তফা সেলিম বেঙ্গল। বিএনপির এমদাদুল হক ভরসা সাবেক এমপি ও বিএনপি নেতা শিল্পপতি রহিম উদ্দিন ভরসার ছেলে। 

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বর্তমান এমপি আওয়ামী লীগের এইচ এন আশিকুর রহমান এবারো প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী জাপার প্রার্থী এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। এই আসনে ড. শিরীন শারমিন চৌধুরীই বিজয়ী হবে বলে মনে করেন নবীন-প্রবীণ ভোটাররা।