বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন পুনর্বিবেচনার বিষয়ে যা বললো যুক্তরাষ্ট্র

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১১:৫৩

করোনা ভাইরাস ইস্যুতে চীনের পক্ষ নেয়ার অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা মহামারির এমন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিষয়ে পুনর্বিবেচনা করা হবে যদি যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধের পর তারা সঠিকভাবে নিজেদের পরিচালিত করে।  যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) পক্ষ থেকে বুধবার এমনটি জানানো হয়। 

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) ভারপ্রাপ্ত প্রধান জন বার্সা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাইরেও যে প্রতিষ্ঠান  এ সময়ে করোনার ভ্যাকসিন তৈরির মত গুরুত্বপূর্ণ কাজ করতে পারবে যুক্তরাষ্ট্র তাদের নিরবিচ্ছিন্নভাবে সাহায্য দিতে চায়। 

 এছাড়া যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশকে সাহায্য করার জন্য ২৭০ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে বলেও জানায় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্র প্রায় ৬০ কোটি ডলার অর্থায়ন করে। যেখানে চীন করে মাত্র চার কোটি ডলার। 

 যুক্তরাষ্ট্রের দাবি চীনের উহান থেকে ছড়িয়েছে করোনা ভাইরাস। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের পক্ষ নিয়ে কাজ করছে। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৩২ হাজার ৫৩২ জন। মারা গেছেন ১ লাখ ৮৩ হাজার ৮৬৬ জন।

ইত্তেফাক/এআর