সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:০১

নৌকায় ভোট দিতে ঢাকা

থেকে হাজারো

রিকশাওয়ালা ত্রিশালে

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা নৌকায় ভোট দিতে ঢাকা থেকে ময়মনসিংহ ও ত্রিশালে ফিরেছে হাজারো রিকশাওয়ালা। গতকাল প্রায় প্রতিটি বাস থেকে শত শত রিকশাওয়ালা বিভিন্ন বাসস্ট্যান্ডে নেমে প্রত্যেকেই আমান উল্লাহ সোহেলের নামে নৌকার স্লোগান দেয়। ত্রিশাল ও ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ বাসস্ট্যান্ডে নামা এরকম কয়েকজন রিকশাওয়ালার সাথে কথা বলে জানা যায়, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা গার্মেন্টস ব্যবসায়ী আমান উল্লাহ সোহেলের পক্ষ থেকে টঙ্গী, আবদুল্লাহপুর, উত্তরা হাউজ বিল্ডিং, এয়ারপোর্ট বাসস্ট্যান্ডগুলোতে নিয়োগকৃত তার লোকজন ময়মনসিংহে আগত গরিব শ্রমিক, রিকশাওয়ালাদের তিনদিনের মজুরি এবং আসা-যাওয়া বাবদ ভাড়া দিয়ে গাড়িতে তুলে দিচ্ছেন। উল্লেখ্য, আমান উল্লাহ সোহেল এর আগে অসীম কুমার উকিলের নৌকার পক্ষে কাজ করার শর্তে গত ১৩ ডিসেম্বর ঢাকায় বসবাসরত গার্মেন্টস সেক্টরে কর্মরত অথবা ব্যবসারত কেন্দুয়া, আটপাড়া বাসিন্দা ২০ জনকে সেন্টমার্টিন-কক্সবাজার ভ্রমণের ব্যবস্থা করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি

আসনে প্রার্থী ৪৬

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি  ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি আসনে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৫টি পৌরসভা ও ১০০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলায় মোট ভোটার ১৯ লাখ ৫৩ হাজার ৭৫৩ জন । ৭৩৩টি কেন্দ্রে ৭৩৩ জন প্রিজাইডিং অফিসার, ৩ হাজার ৭২৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৭ হাজার ৮৪৮ জন পোলিং অফিসার নির্বাচনী কাজে নিয়োজিত আছেন। ভোটারের সার্বিক নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার-ভিডিপির ১২ হাজারেরও বেশি সদস্য মোতায়েন রয়েছে।

সাংবাদিকদের সঙ্গে

ভূমিমন্ত্রীর মতবিনিময়

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি, চারবারের এমপি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, উন্নত বাংলাদেশ গড়ার প্রতীক নৌকা। গরিব, অসহায়, দুঃখী মানুষের নিরাপদ আশ্রয়স্থল ও আশা ভারসার প্রতীক নৌকা। গরিব অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে নৌকা মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার রাতে ঈশ্বরদী শেরশাহ রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা, এদেশের নিরন্ন মানুষের মুখে অন্ন জোগানো, পরিধেয় বস্ত্র, সকলের জন্য সুশিক্ষা, চিকিত্সা ও বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যেই দেশ পরিচালনা করছেন। বাংলাদেশ আওয়ামী লীগ তথা মহাজোট প্রার্থীরা মানুষের কল্যাণে ও ভালোবাসায় বিশ্বাসী। বাংলাদেশের মানুষকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে আবারো জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।এসময় ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাংবাদিক  এম.এ. হাশেম, কলামিস্ট ও সাংবাদিক এম.এ. কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

কোটচাঁদপুর উপজেলা জাতীয় পার্টির

সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাকে বহিষ্কার করা হয়। দলের সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম সেন্টু বলেন, সিরাজুল ইসলাম প্রস্তাবিত উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে কুরুচিমূলক বক্তব্য ও  দলের স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সভায় উপস্থিত ছিলেন পৌর জাপার সভাপতি আব্দুল লতিফ, কেন্দ্র ছাত্র সমাজের নেতা আশাবুল হক প্রমুখ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন

পরিচালনা কমিটির মতবিনিময়

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নেতৃবৃন্দ। শনিবার উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মেজর (অব.) শামছুল আরেফিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল, ড. মাহবুবুল হক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুত্ফুল্লাহ প্রমুখ।

বরগুনা-২ আসনে নিশ্ছিদ্র

নিরাপত্তা ব্যবস্থা

বামনা (বরগুনা) সংবাদদাতা বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। সকল প্রকার নির্বাচনী কার্যক্রমের প্রস্তুতি শনিবার সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার জন্য টহলে রয়েছে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌবাহিনী, বিজিবি ও র্যাবের টিম। প্রতিটি ভোটকেন্দ্রে দুইজন পুলিশ, ১২ জন আনসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

গৌরনদীতে প্রিজাইডিং অফিসারদের

নিয়ে আইন-শৃঙ্খলা সভা

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা বরিশাল-১ আসনের গৌরনদীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রিজাইডিং অফিসারদের নিয়ে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধবী রায়, অতিরিক্তি পুলিশ সুপার আ. রব হাওলাদার, উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রমান প্রমুখ। পরে বিভিন্ন ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা কাজে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়।