বন্দরের পণ্যবাহী কন্টেইনার বেসরকারি ডিপোতে সরানোর অনুমতি

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৮:৩০

বন্দরে পণ্যবাহী কন্টেইনারের জট কমাতে বেসরকারি ডিপোতে (অফ ডক) সরিয়ে নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। এর ফলে সব ধরনের পণ্য দেশের ১৯টি বেসরকারি ডিপোতে সরিয়ে নেওয়া সম্ভব হবে। 

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক বিভাগ এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। আগামী জুন পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

আরো পড়ুন : গাজীপুরে ৩ সন্তানসহ মাকে গলাকেটে হত্যা

এর আগে সুনির্দিষ্ট কিছু পণ্য বেসরকারি ডিপোতে স্থানান্তরের সুযোগ ছিল। করোনা ভাইরাসের প্রভাব ও সরকারি সাধারণ ছুটির কারণে চট্টগ্রাম বন্দরসহ দেশের বিভিন্ন বন্দর থেকে পণ্য খালাস না হওয়ায়  পণ্যজট বেড়ে যায়। ধীরে ধীরে স্থান সঙ্কুচিত হয়ে নতুন করে আসা পণ্য রাখার জায়গা সঙ্কট দেখা দেয়। এ পরিস্থিতিতে নৌ মন্ত্রণালয়ের  সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।  

অবশ্য এসব পণ্য সরিয়ে নেওয়ার ক্ষেত্রে দুটি শর্ত মানতে হবে। এগুলো হলো, বন্দর থেকে অফ ডকে স্থানান্তরের সময় সব কন্টেইনার স্ক্যানিং করা এবং অফডকে আসা সব পণ্য চট্টগ্রাম কাস্টম হাউস ও শুল্ক গোয়েন্দা বিভাগের প্রতিনিধির সমন্বয়ে শতভাগ কায়িক পরীক্ষা করতে হবে।

ইত্তেফাক/ইউবি