একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ সংসদীয় আসনে মহাজোটের অন্যতম শরীক দল বিকল্প ধারার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও কুলা প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচরণা শুরু করেছে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা সদরে জেসি কমপ্লেক্স চত্বরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলনের নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে এইচএম গোলাম রেজাকে নির্বাচনে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাচনী মনিটরিং সেলের নির্দেশক্রমে কুলা প্রতীকের সমর্থন দিয়ে কাজ শুরু করা হয়েছে। ধানের শীষের প্রার্থী যেন কোনোভাবেই জয়লাভ না করতে পারে সেজন্য আমরা সম্মিলিতভাবে নির্বাচনী প্রচার কাজ শুরু করেছি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জিএম শফিউল আযম লেলিন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক স.ম আব্দুস সত্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী আনিসুজ্জামান আনিস, উপজেলা যুব লীগের আহবায়ক গোলাম মোস্তফা ওরফে বাংলা ভাই, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা মুকুল, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শোকর আলী, রমজাননগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আল মামুন কুলা প্রতীকের সমর্থনে বক্তব্য দেন। নেতৃবৃন্দ কেন্দ্রীয় দলীয় সিদ্ধান্ত মতে কুলা প্রতীকের সমর্থনে নির্বাচনী প্রচারণা শুরু করার কথা বলেন।
সাতক্ষীরা-৪ আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার বলেন, মনোনয়ন বঞ্চিত গুটি কয়েক নেতা দলীয়-শৃঙ্খলা ভঙ্গ করে কুলা প্রতীকের সমর্থনে কাজ শুরু করছে। এতে কেন্দ্রের কোনো নির্দেশনা নেই।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২০ দলীয় জোটের নেতৃবৃন্দের সাথে কথা হলে উপজেলা বিএনপির আহবায়ক মাস্টার আঃ ওয়াহেদ বলেন, ইতোমধ্যে নির্বাচন উপলক্ষে যাবতীয় কর্মপন্থা সমাপ্ত হয়েছে। প্রতিটি কেন্দ্রে যথারীতি নির্বাচনী এজেন্ট নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আঃ জলিল বলেন, নির্বাচন উপলক্ষে প্রতিটি কেন্দ্রে যথারীতি এজেন্ট নিয়োগ দেওয়া হবে।
