প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্ক এখন সারাবিশ্বে। বিশ্বের প্রায় সব দেশেই মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনা। বাংলাদেশেও এরইমধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে চলছে লকডাউন। ফলে কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। দেশের সাংস্কৃতিক অঙ্গনেও এর প্রভাব পড়েছে। দেশের এমন ক্রান্তিকালে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের মতো দেশীয় চলচ্চিত্রের অনেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এরইমধ্যে জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল, ফেরদৌস, ডিপজল, বিদ্যা সিনহা মিম, পূর্ণিমা, নিপুণসহ অনেকেই চলচ্চিত্রের মানুষের পাশাপাশি সাধারণ মানুষের পাশেও দাঁড়িয়েছেন। তবে সমালোচনা চলছে করোনার এই দুর্যোগের সময় অনেকটা নীরব ভূমিকা পালন করছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। যদিও এরইমধ্যে শাকিব খানের পক্ষ থেকে তার ব্যক্তিগত মেকআপ ম্যান সবুজ ২ দিন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন। এছাড়া বিভিন্ন সূত্রে জানা যায়, চলচ্চিত্রের কলাকুশলীদের থেকে শুরু করে বাইরে অনেক অসহায় মানুষদের সাহায্য করছেন শাকিব। তবে দানের বিষয়টি তিনি গণমাধ্যমে আনতে চান না বলে জানা যায়। যদিও শাকিবের কাছ থেকে এ নিয়ে কিছু জানা যায়নি। এছাড়া করোনা সচেতনতায় সম্প্রতি কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন শাকিব খান। যার ক্যাপশনে লিখেছিলেন, ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন। সামাজিক দূরত্ব বজায় রেখে নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে দিন।’ তবে এই সহযোগিতার চেয়ে সিনেমার মতোই শাকিবে কাছে মানুষের প্রত্যাশা আরও অনেক বেশি। অন্যান্য দেশের শীর্ষ তারকার মতো ভূমিকায় শাকিবকে দেখতে চান তার ভক্তরা।
