পঞ্চগড়-১ আসনে নৌকার সমর্থনে সরে গেলেন লাঙ্গলের প্রার্থী

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:০৪

পঞ্চগড়-১ আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী মোঃ মজাহারুল হক প্রধানের সমর্থনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু সালেক। শুক্রবার রাতে পঞ্চগড় ছায়াছন্দ সিনেমা হলের দ্বিতীয়তলায় আওয়ামী লীগ দলীয় প্রার্থীর আহবানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এসময় তাকে বরণ করে নেন মোঃ মজাহারুল হক প্রধানসহ নেতাকর্মীরা।

আওয়ামী লীগের প্রার্থী মোঃ মজাহারুল হক প্রধান তার আমলের এবং বর্তমান সরকারের ১০ বছরে পঞ্চগড়ের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। নির্বাচনে বিজয়ী হলে এলাকার মানুষের গুরুত্বপূর্ণ দাবিগুলো বাস্তবায়নেরও অঙ্গীকার করেন। পরে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু সালেক মহাজোটের প্রার্থী মজাহারুল হক প্রধানকে সমর্থন জানিয়ে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে দলের সকল সদস্য ও ভোটারদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা আব্বাস আলী, অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক, মোঃ সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।