করোনা ভাইরাসের এই কঠিন সময়ের মধ্যেও নির্ধারিত সূচিতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) আয়োজনের পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি বছরের ১৯ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা সিপিএল। তবে করোনা ভাইরাসের কারণে দর্শকশূন্য স্টেডিয়ামে অথবা বিদেশি খেলোয়াড় ছাড়া টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ডিসেম্বর পর্যন্ত পিছিয়েও যেতে পারে সিপিএল।
তবে ফ্র্যাঞ্চাইজিদের দল গঠনের কাজ চলছে। যেমনটা ২০২০ আসরের জন্য সেন্ট লুসিয়া জুকস দলে টেনেছে ক্রিস গেইলকে। গত আসরে জ্যামাইকা তালাওয়েসর হয়ে খেলেছিলেন তিনি। এই বছর ব্যাটসম্যান হিসেবে গেইলকে ধরে রাখতে চায়নি দলটি। আর এই সুযোগে বিস্ফোরক এই ওপেনারকে দলে নিয়েছে সেন্ট লুসিয়া। সিপিএলের ৮ আসরে চতুর্থবার দল বদলালেন গেইল। সিপিএলের প্রথম চার আসরে জ্যামাইকার হয়ে খেলেছেন বিস্ফোরক এই ব্যাটসম্যান। দলটির হয়ে দুইবার শিরোপাও জিতেছেন। এরপর দুই আসর খেলেছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের জার্সিতে। গত মৌসুমে সেন্ট কিটস ছেড়ে আবারও ফেরেন জ্যামাইকাতে। ১০ ইনিংসে করেন ২৪৩ রান। পয়েন্ট তালিকার তলানিতে থেকে আসর শেষ করেছিল জ্যামাইকা।
গেইলকে দলে পেয়ে খুশি সেন্ট লুসিয়ার অধিনায়ক ড্যারেন স্যামি। ক্যারিবিয়ানদের দুই বার টি-২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক স্যামি বলেছেন, ‘এখন আমার দলে ’ইউনিভার্স বস’, অধিনায়ক হিসেবে আমার জন্য ও সেন্ট লুসিয়া জুকসের জন্য এটি দারুণ খবর। ক্রিস বিশ্বের অন্যতম সফল টি-২০ ব্যাটসম্যান। আমাদের তরুণ ওপেনাররা ক্রিসের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’
