গদখালীর ফুল গাছ খাওয়ানো হচ্ছে গরু-ছাগলকে!

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২১:১৬

ফুলের রাজ্যখ্যাত যশোরের গদখালীর ফুলচাষিরা করোনা ভাইরাসের ছোবলে দিশেহারা হয়ে পড়েছেন। মাঠের ফুল মাঠেই পচে যাচ্ছে। গরু-ছাগলের পেটে যাচ্ছে এসব ফুল। ভরা মৌসুমে ৫ সহস্রাধিক ফুলচাষি শত কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন। গদখালীর পানিসারা গ্রামের ফুলচাষি শের আলী আড়াই বিঘা জমিতে গোলাপ ফুলের চাষ করেছেন। ক্ষেত থেকে প্রতিদিনই দেড় হাজারের বেশি গোলাপ ফুল কেটে ছাগল-গরু দিয়ে খাওয়াতে হচ্ছে। ফুল না কাটলে নতুন কুঁড়ি আসে না। তিনি বলেন, অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে আছি আমরা। বাগানের রজনীগন্ধা, গ্লাডিওলাস, জারবেরা ফুল কেটে গরু দিয়ে খাওয়া হচ্ছে। গদখালী এলাকার কৃষক শাহজাহান জানান, এবার তার আড়াই বিঘা জমির গোলাপ ফুলের খেত ছাগলের পেটে যাচ্ছে। করোনাভাইরাসের কারণে ১২ দিন ধরে ফুলের বেচাকেনা নেই। এজন্য প্রতিদিনই দেড় থেকে দুই হাজার গোলাপ কেটে ছাগল-গরু দিয়ে খাওয়াতে হচ্ছে। কারণ গোলাপ না কাটলে বাগান নষ্ট হয়ে যায়। একদিকে ফুলের বেচাকেনা নেই। অন্যদিকে ফুল কাটার জন্য শ্রমিক খরচ হচ্ছে। প্রতিদিনই শাহজাহানের দুই হাজার টাকা লোকসান হচ্ছে। গদখালী ফ্লাওয়ার সোসাইটি সূত্র মতে, ঝিকরগাছা উপজেলার গদখালি-পানিসারার প্রায় সাড়ে ৫ হাজার কৃষক ৬ হাজার হেক্টর জমিতে ফুলের আবাদ করছেন। কিন্তু ফুলচাষি ও ব্যবসায়ীদের অন্তত ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি গদখালী ফ্লাওয়ার সোসাইটির। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বলেন, করোনা ভাইরাসের কারণে গদখালীর পাইকারি ফুলের বাজার ২৪ মার্চ থেকে বন্ধ রয়েছে। চাষিরা ফুল বিক্রি করতে পারছেন না। আবার ক্ষেতে ফুল রাখতেও পারছে না। উভয় সংকটে পড়েছেন তারা। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ উত্সব ঘিরে যশোর অঞ্চলে ফুলচাষি ও ব্যবসায়ীদের অন্তত ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।