নেত্রকোনায় বুধবার পর্যন্ত ৮৮৫ জনের করোনা উপসর্গ পরীক্ষার পর ৩৪ জন শনাক্ত করা হয়েছে। তবে এর মধ্যে নেত্রকোনা আধুনিক হাসপাতালে চিকিত্সাধীন জেলার প্রথম শনাক্ত হওয়া রোগী মদনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সবুজ মিয়া সুস্থ হয়ে বুধবার বাড়ি ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান।
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, করোনা ভাইরাসে আক্রান্ত মির্জাপুরের অখিল সরকার (৫০) ১৫ দিন চিকিত্সার পর সুস্থ হয়ে বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন। তিনিই ছিলেন টাঙ্গাইলের প্রথম করোনা ভাইরাসের রোগী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. যুবায়ের হোসেন ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, অনিল সরকারকে সার্বিক সহযোগিতা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত অনিল সরকার ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে চিকিত্সা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
