করোনা দুর্যোগে সহায়তার হাত

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২২:০৫

করোনা দুর্যোগ মোকাবিলায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সংস্থাসহ ব্যক্তিপর্যায়েও উদ্যোগ নেওয়া হয়েছে। 

বাসাবোয় কর্মহীনদের পাশে ছাত্র তরুণ

গতকাল রাজধানীর বাসাবো কদমতলা এলাকায় কর্মহীন তিন শতাধিক মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এলাকার এক ঝাঁক ছাত্র তরুণ নিজ উদ্যোগে এ ত্রাণ বিতরণ করেন ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও যুবলীগ (ঢাকা দক্ষিণ) এর সহসম্পাদক মো. শহিদুল্লাহ শাহিন। শহিদুল্লাহ শাহিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা যা দিয়ে কর্মহীন মানুষদের সহায়তা দিয়ে যাব।

রূপগঞ্জে যুবলীগ নেতা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে রূপগঞ্জ ইউনিয়নের দেড় সহস্রাধিক কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল রূপগঞ্জ দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির আহ্বায়ক এবং রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মুশফিকুর রহমান রিপন তার ব্যক্তিগত তহবিল থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া, ওসি মাহমুদুল হাসান, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন প্রমুখ।

উল্লেখ্য, গত পাঁচ দিনে তিনি ৩ সহস াধিক কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

ধামরাইয়ে আওয়ামী লীগ নেতা

ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, গতকাল বৃহস্পতিবার উপজেলার আমতা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আরিফ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের নারায়ণপুর এবং নয়াচর এলাকার দুই শতাধিক পরিবারের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। এ পর্যন্ত আড়াই হাজার পরিবারকে সহায়তা করেছেন বলে জানান তিনি।

স্বেচ্ছাসেবক দল

ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আতিকুর রহমান সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ফিরোজ উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্রদের কাছে পৌঁছে দিতে স্থানীয় প্রতিনিধিদের কাছে খাদ্যসামগ্রী বুঝিয়ে দেন। তিনি আইঙ্গন বাজারে এসব খাদ্যসামগ্রী হস্তান্তর করেন।

দোহারে বিএনপি

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, উপজেলার ৫টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার আবু আশফাক। গতকাল উপজেলার সুতারপাড়া, বিলাশপুর, রায়পাড়া, কুসুমহাটি, নয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে এসব বিতরণ করা হয়। দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অংঙ্গ সংগঠনের উদ্যোগে দুই হাজার ৫০০ মানুষের ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কালাম, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেছের, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পান্নু, বিএনপি নেতা হারুন-অর-রশিদ মাস্টার, আব্দুল ওহাব মাস্টার, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম, যুবদল নেতা জাহিদ ইকবাল, সাবেক ছাত্রদল নেতা সেন্টু ভুঁইয়া, জহিরুল ইসলাম প্রমুখ।

আড়াইহাজারে হাজী জাহের মিয়া পরিবার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলার শরিফপুর গ্রামের হাজী জাহের মিয়া পরিবারের উদ্যোগে গতকাল খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সমাজ সেবক ও ব্যাংকার এম এ আউয়াল। প্রধান অতিথি থেকে ত্রাণ বিতরণ করেন বিশনন্দী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ। উপস্থিত ছিলেন বিশনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সমাজ সেবক হাজী জাহের মিয়া, আবু সাঈদ, যুবলীগ নেতা খন্দকার রিপন, সাবেক ইউপি সদস্য আঃ কাদির , কবির হোসেন, আঃ ছালাম ও জোটন মিয়া প্রমুখ।

বঙ্গবন্ধু পরিষদ ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের মানবাধিকার কর্মী রাশেদুল হক সোহেলের নেতৃত্বে বঙ্গবন্ধু পরিষদ বিমানবন্দর থানা শাখা ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এবং স্বাধীন বাংলা প্রশিক্ষণ কেন্দ্র ও কাওলা এলাকার স্বেচ্ছাসেবকবৃন্দ গতকাল ৫০০ নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জিন্নাত আলী মেম্বার, আজিজুর রহমান, সঞ্চিতা রহমান।