করোনা ভাইরাসের বিস্তার রোধে মসজিদগুলোতে জামাত সীমিত করা হয়েছে। আজ চাঁদ দেখার পর রাতে প্রথম তারাবির সালাত পড়বেন রোজাদাররা। গতকাল ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ১০ জন মুসল্লি ও দুই জন হাফেজসহ মোট ১২ জন পবিত্র রমজান মাসে মসজিদগুলোতে এশা ও তারাবির নামাজ আদায়ের সুযোগ পাবেন। এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। এর সঙ্গে ইতিপূর্বে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে। এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত নির্দেশনাসহ একটি সার্কুলার আজ শুক্রবার জারি করবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন।
