আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২২:০৯

আড়াইহাজারে গণপিটুনিতে জুয়েল নামে এক ডাকাত নিহত হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জুয়েল ঐ গ্রামের আলাউদ্দিনের ছেলে।

আড়াইহাজার থানার উপপরিদর্শক আশাদুর রহমান জানান, রাত দেড়টায় লস্করদী গ্রামের কাদিরের বাড়িতে ১২/১৩ জনের ডাকাত দল হানা দেয়। এ সময় তাদের চিত্কারে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের শত শত লোক বের হয়ে ডাকাতদের ঘেরাও করে ফেলে।

জনতার ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে যায় জুয়েল। পরে জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ বৃহস্পতিবার ভোর ৫টায় লাশ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহত জুয়েল এক জন ডাকাত। তার বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ, একটি হত্যার চেষ্টাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। এ ব্যাপারে পুলিশের এসআই আশাদুর রহমান বাদী হয়ে দেড়শ গ্রামবাসীকে আসামি করে একটি হত্যা এবং গৃহকর্তা মো. কাদির বাদী হয়ে একটি ডাকাতির চেষ্টা মামলা দায়ের করেছেন।