দুর্যোগে পাশে নেই গাইবান্ধার ৩ এমপি

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২২:০৫

চলমান করোনা ভাইরাস উদ্ভুত পরিস্থিতিতে এলাকায় জনগনের পাশে উপস্থিত নেই গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের পাঁচ সংসদ সদস্যের মধ্যে তিন সংসদ সদস্য। তবে তারা ঢাকায় বসে এলাকার মানুষের জন্য ব্যক্তিগতভাবে ত্রাণ সামগ্রী, পিপিই, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ইত্যাদি নেতাকর্মীদের দ্বারা বিলিবন্টন করছেন বলে জানিয়েছেন এমপি ও তাদের পিএস এবং এপিএসরা। কিন্তু এলাকার জনগণ জানিয়েছেন এই দুর্যোগপূর্ণ সময়ে ত্রাণ সামগ্রীর অপ্রতুলতা ও ভোগান্তির কথা তারা যে এমপিকে জানাবেন সেজন্য এলাকার কোথাও তাদের দেখা পাচ্ছেন না।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বর্তমানে এলাকায় নেই। এমপি বলেন, এ পর্যন্ত ব্যক্তিগত তহবিল থেকে এলাকার ১২ হাজার পরিবারে জন্য চাল বিতরণ করেছি, পাঁচশ পিপিই, পাঁচশ হ্যান্ড সেনিটাইজার, ১০ হাজার সাবান এবং দুই হাজার পাঁচশ মাস্ক এলাকায় নেতাকর্মীদের দ্বারা বিতরণ করেছি। তিনি আরও জানান, আগামী ২৬ এপ্রিল তিনি এলাকায় আসবেন।  

গাইবান্ধা-২(সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি এলাকায় অবস্থান করছেন। তবে তিনি নিজ বাড়িতে বসেই ত্রাণ ও বর্তমান পরিস্থতি মনিটরিং করছেন।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য ও কৃষকলীগের কেন্দ্রিয় কমিটির সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি গত ২১ মার্চ অনুষ্ঠিত উপ-নির্বাচনে জয়ী হবার পর গত ১৮ এপ্রিল শপথ গ্রহণ করেছেন।

তিনি বলেন, সবেমাত্র শপথ গ্রহণ করেছি, তারপরও এলাকার খোঁজখবর প্রতিনিয়ত রাখছি। তিনি আরও জানান, এতদিন এলাকায় উপস্থিত না থাকলেও গতকাল ২৩ এপ্রিল তিনি এলাকায় এসেছেন।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী বর্তমানে এলাকায় নেই। তাবে তার পক্ষ থেকে ত্রাণ হিসাবে দুই হাজার ৭০০ পরিবারের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে চাল, আলু, ডাল, তেল, সাবান ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান তারা পিএস খায়রুল ইসলাম। 

তবে তিনি কবে নাগাদ এলাকায় আসবেন তা জানাতে পারেনি সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর পিএস খায়রুল ইসলাম।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া গত ৯ মার্চ থেকে ১২মার্চ এলাকায় অবস্থান করে ঢাকা চলে যান। বর্তমানেও তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে তাঁর স্ত্রী অসুস্থ ও হাসপাতালে ল্ইাফ সাপোর্টে থাকার কারণে তিনি এলাকায় আসতে পারেননি বলে জানান এমপির এপিএস তৌফিকুল ইসলাম। 

এমপির এপিএস তৌফিকুল ইসলাম জানান, এলাকায় তার ব্যক্তিগত তহবিল থেকে ৭০ টন চালসহ ডাল, লবণ, তেল, সাবান ইত্যাদি নেতাকর্মীরা বিতরণ করেছেন। এছাড়া ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া প্রতিদিন  ঢাকা থেকে সবকিছু মনিটরিং করছেন।  

ইত্তেফাক/এসি