ইউরোপে করোনা ভাইরাসে মারা যাওয়াদের অর্ধেকই বৃদ্ধাশ্রমের বাসিন্দা। এটা অকল্পনীয় মানব ট্রাজেডি বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব জুড়ে গতকাল মারা গেছে ১ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ। সেখানে ইউরোপেই মারা গেছে ১ লাখ ১৩ হাজারের বেশি মানুষ। এর বাইরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে যখন অগ্রগতি হচ্ছিল তখন এর প্রধানকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে যুক্তরাজ্যে মানবদেহে ভ্যাকসিনের পরীক্ষা গতকাল শুরু হয়েছে। দেশটিতে বিধি নিষেধ বছর জুড়েই থাকবে বলে জানিয়েছেন সরকারের স্বাস্থ্য বিশেষজ্ঞ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরো ৩ কোটি ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে চীন।
ইউরোপের অর্ধেকের মৃত্যু বৃদ্ধাশ্রমে :বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ বিষয়ক প্রধান ডা. হ্যানস ক্লুজ বলেছেন, ইউরোপে করোনা ভাইরাসে মারা যাওয়াদের অর্ধেকই নার্সিং হোমের যেখানে বয়স্কদের দেখাশোনা করা হয়। এটা ‘অকল্পনীয় ট্রাজেডি’ উল্লেখ করে ডা. হ্যানস ক্লুজ বলেন, এর মাধ্যমে প্রমাণ হয় যে সেখানে বয়স্কদের অবহেলা করা হয়। তিনি জানান, নার্সিং হোমে যারা কাজ করেন তাদের অনেক বেশি কাজ করতে হয়। এমনকি তাদের পর্যাপ্ত পারিশ্রমিকও দেওয়া হয় না। তিনি সেখানকার দায়িত্বে নিয়োজিতদের ‘আনসাং হিরো’ বলে আখ্যায়িত করেন।
যুক্তরাজ্যে বিধিনিষেধ বছর জুড়েই :ব্রিটেনে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ২৪ ঘন্টায় বেড়েছে ৬১৬ জন। এ নিয়ে দেশটিতে মারা গেল ১৮ হাজার ৭৩৮ জন। কেবল ইংল্যান্ডেই প্রাণ গেছে ১৬ হাজার ৭৮৬ জনের। এক দিনে এখানে মারা গেছে ৫১৪ জন। এরই মধ্যে দেশটির সরকারের প্রধান চিকিত্সা উপদেষ্টা ক্রিস হুইটি বলেছেন, করোনা নিয়ে জারি করা বিধিনিষেধ বছর জুড়েই থাকতে পারে। তিনি বলেন, সামাজিক দূরত্ব মেনে চলতেই হবে। দেশটিতে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা মানবদেহে শুরু হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির একদল গবেষক এই পরীক্ষা শুরু করেন। এই ভ্যাকসিনের নাম সিএইচএডিওএক্স১ এনসিওভি-১৯। এদিকে প্রধানমন্ত্রী বরিস জনসনের দেখাশোনা করা দুই নার্স বলেছেন, তারা সাধারণ রোগীর মতোই প্রধানমন্ত্রী বরিসের দেখভাল করেছেন। একজন নিউজিল্যান্ডের জেনি ম্যাকগি এবং অন্যজন পর্তুগালের লুইস পিতারমা।
ইতালি, জার্মানি ও বেলজিয়ামের গবেষক দলও শিগগিরই পরীক্ষা চালাবেন বলে জানিয়েছেন। বিশ্বের প্রায় ৮০টি সংগঠন করোনা ভাইরাসের প্রতিষেধক নিয়ে গবেষণা করে যাচ্ছে এবং কয়েকটি এরই মধ্যে ক্লিনিকাল ট্রায়াল বা মানবদেহে প্রয়োগ করা শুরু করেছে। একটি ভ্যাকসিন সাধারণত বিকাশ হতে কয়েক বছর বা এক দশকের বেশি সময় নেয়। তবে বেশিরভাগ বিশেষজ্ঞরা মনে করেন, ২০২১ সালের মাঝামাঝিতে প্রতিষেধক বাজারে আসতে পারে। করোনা ভাইরাসটি ছড়িয়ে পড়ার প্রায় ১২ থেকে ১৮ মাসের মধ্যে টিকাটি পাওয়া যাবে। যার আনুষ্ঠানিক নাম হতে পারে সার্স-কোভি-২। তবে এটি কাজ করবে কিনা এমন কোনো গ্যারান্টি নেই।
যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন আবিষ্কারের প্রধান অপসারিত
করোনা ভাইরাসের ভ্যাকসিনের উন্নতির দায়িত্বে থাকা প্রধানকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে মার্কিন বায়োমেডিক্যাল এডভান্সড রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির সাবেক পরিচালক রিক ব্রাইট বলেন, ম্যালেরিয়ার ঔষধ ক্লোরোকুইন কোভিড-১৯ এর চিকিত্সায় ব্যবহার না করায় প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার তাকে সরিয়ে দিয়েছেন। তিনি কোভিড-১৯ এর ভ্যাকসিন তৈরির কাজ করছিলেন। দেশটিতে ৪৭ হাজার ৮০৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৮ লাখ ৫১ হাজার ৫৮৬ জন। আর বিশ্বে আক্রান্ত হয়েছে ২৬ লাখ ৬৯ হাজার ৯৬৫ জন।
চীনে আট দিনে মৃত্যু নেই
চীনে টানা অষ্টম দিনের মতো করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। নতুন করে আক্রান্ত হয়েছে মাত্র ১০ জন। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরো ৩ কোটি ডলার অনুদান দেবে বেইজিং। যুক্তরাষ্ট্র তহবিল স্থগিত করার পর চীন এই ঘোষণা দিল। টানা সাত দিনে নতুন করে কেউ আক্রান্ত না হওয়ায় লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছে ভিয়েতনামের কর্তৃপক্ষ। তারা গতকাল থেকে দেশের বেশিরভাগ লকডাউন পরিস্থিতি শিথিল করতে শুরু করে। দেশটিতে ২৬৮ জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেলেও গত ৭ দিনে কেউ মারা যায়নি। অথচ এই দেশটির অবস্থান চীনের পাশেই।
