করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যেই রাজশাহী রেলস্টেশনে সিলগালা ট্যাংকলরি থেকে প্রায় ১১ হাজার লিটার তেল চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ৯ হাজার লিটার তেল ও ট্রাকসহ চুরির সঙ্গে জড়িত তিন জনকে হাতেনাতে আটক করেছে রাজশাহী জিআরপি থানা পুলিশ।
এ ঘটনায় রাজশাহী রেলওয়ের সংশ্লিষ্ট এক জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আটককৃতরা হলেন, যমুনা ওয়েল কোম্পানির ডিপো ইনচার্জ আমজাদ হোসেন, লরির হেলপার ইলিয়াস হোসেন ও যমুনা অয়েলের কর্মচারী মুকুল আলী। বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ ইলেট্রিক ইঞ্জিনিয়ার সফিকুর রহমান বলেন, তেল চুরির ঘটনায় জড়িত থাকার দায়ে সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তসাপেক্ষে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
