ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এলাকাবাসীকে নিয়ে ত্রাণের জন্য বিক্ষোভ করার দায়ে উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মো. ইউনুছ মিয়া ওরফে ইনু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে প্রশাসনের পরামর্শে এক ইউপি সদস্য তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ‘আর কত উপবাস থাকব, খাবার দে’- এই স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে শ্রমিক লীগ নেতা ইউনুছ মিয়া ওরফে ইনুর নেতৃত্বে কর্মহীনরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। এ ঘটনার একদিন পর সরাইল সদর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মীর ওমর আলী বাদী হয়ে ইউনুছ মিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। এ ব্যাপারে বাদী বলেন, ‘আমি প্রশাসনের পরামর্শে ইউনুস মিয়াসহ অজ্ঞাতনামা আরো ৫-৬ জনকে আসামি করে সরাইল থানায় মামলা করেছি।’
তবে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বলেন, শ্রমিক নেতা ইউনুছ মিয়া মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। যার কারণে সরাইল সদর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মীর ওমর আলী স্বপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন জানান, ইউনুছ মিয়া সাধারণ জনগণকে বলেছেন যে সরকার প্রতি পরিবারের জন্য ৩ হাজার টাকা ও এক বস্তা চাল বরাদ্দ দিয়েছে। এরকম মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রেক্ষিতে স্থানীয়রা সরাইলে ত্রাণের জন্য বিক্ষোভ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে গতকাল সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
