লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কেন্দ্র করে বাংলাদেশের ১৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করে পাঁচ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) এক সদস্য খোকন ইসলাম ও স্থানীয় বাসিন্দা মালেক ও ফিরোজা বেওয়া নামে দুই জন আহত হয়েছে।
বুড়িমারী বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ওমর ফারুক জনান, বৃহস্পতিবার বিকালে বিএসএফ এক ভারতীয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায়। এ এময় বিজিবি ও সিমান্তবাসী ঐ ভারসাম্যহীন ব্যক্তিকে ধাওয়া দিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করায়। তার কিছুক্ষণ পরেই পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা বিএসএফ ক্যাম্পের সদস্যরা জিরো পয়েন্টে এসে বাংলাদেশের উদ্দেশ্যে রাবার বুলেট ছুড়তে থাকে। এ সময় সীমান্তের জিরো পয়েন্টের ৮৪২ ও ৮৪৩ নাম্বার মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফ অবস্থান নিয়েছিল।
তিনি আরো জানান, বাংলাদেশ সীমান্ত থেকে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। একই ভাবে বিএসএফও তাদের পাশে সীমান্ত থেকে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে।
