একটি দুস্থ পরিবারও অনাহারে থাকবে না — তোফায়েল

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০০:৪৫

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় একটি দুস্থ পরিবারও অনাহারে থাকবে না। এদেশের দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠির ভাগ্যের পরিবর্তনের জন্যই আমাদের রাজনীতি। বাংলার প্রতিটি মানুষের আশ্রয়, শিক্ষা, চিকিত্সা, খাদ্য ও বস্ত্র নিশ্চিত করতে কাজ করছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। কাজেই একটি দুস্থ অসহায় পরিবারও না খেয়ে থাকবে না।

গতকাল দুপুরে ভোলা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে টেলিফোনে মতবিনিময়কালে তিনি একথা বলেন। জেলা পরিষদ কার্যালয় থেকে জেলার নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে রাজধানীর বনানীর বাসা থেকে টেলিফোনে মতবিনিময় করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ। তিনি জানান, আসন্ন রমজানে তার নির্বাচনি এলাকার ১৩টি ইউনিয়নের প্রতিটিতে ন্যূনতম ৫০০ পরিবার ও পৌরসভায় ১ হাজার পরিবারকে দুই দফায় খাদ্যসামগ্রী বিতরণ করবেন। রমজানের প্রথমদিকে ও ১৫ রমজানের পর এ খাদ্যসামগ্রী দেওয়া হবে। এর আগেও তোফায়েল আহমেদ ব্যক্তিগত উদ্যোগে নির্বাচনি এলাকার কয়েক হাজার গরিব, অসহায় পরিবারকে খাদ্যসহায়তা দিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিভাবে স্থানীয় প্রশাসনের মাধ্যমেও ত্রাণ বিতরণ কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।