করোনায় ব্যবসায়িক সমস্যা মোকাবিলায় একসঙ্গে কাজ করতে হবে :রীভা গাঙ্গুলি

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০০:৪৬

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেছেন, বিগত কয়েক মাসে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। এ বছরের মার্চ মাসে পেট্রাপোল-বেনাপোল দিয়ে ট্রাক আসা যাওয়ার সংখ্যায় ইতিবাচক প্রবণতা দেখা গিয়েছে। আর চলমান কোভিড মহামারির কারণে উভয় পক্ষের ব্যবসায়িক সংস্থাগুলো যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলো মোকাবিলায় সব অংশীদারদের কাজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার ‘কোভিড-১৯ পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য সহজতর করার সম্ভাব্য উপায় ও চ্যালেঞ্জসমূহ’  বিষয়ক ওয়েবিনারে তিনি এ কথা বলেন। ভারত-বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সহযোগিতায় ভারতীয় হাইকমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

ওয়েবিনারে ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল মাতলুব আহমেদ বলেন, শক্তিশালী বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তুলতে দক্ষিণ এশীয় অঞ্চলে আরো সমন্বয়, সক্ষমতা বৃদ্ধি এবং জ্ঞান বণ্টনের প্রয়োজন। বর্তমান প্রতিকূলতা কাটিয়ে বাণিজ্য আরো শক্তিশালী হয়ে উঠবে।