গাজীপুরে কঠোর হচ্ছে লকডাউন

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০০:৪৬

গাজীপুরে করোনা ভাইরাস বিস্তার রোধে ঘোষিত লকডাউন কঠোর করতে জেলার আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আজ শুক্রবার থেকে কঠোরভাবে এ লকডাউন বাস্তবায়ন করা হবে। জেলা পর্যায়ে স্বাস্থ্যবিধি অনুসরণ ও ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে গাজীপুরে দায়িত্বপ্রাপ্ত সচিবের সঙ্গে জেলার জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলার সমন্বয়ক ও দায়িত্বপ্রাপ্ত সচিব (বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক) সত্যব্রত সাহা।

সভায় গাজীপুরের জেলা প্রশাসক এস. এম তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, পুলিশ সুপার শামসুন্নাহার এবং সেনাবাহিনীর প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।