সখীপুরে আওয়ামী লীগ নেতা বহিষ্কার, কুষ্টিয়ার চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০০:৪৮

টাঙ্গাইলের সখীপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের দায়ে আওয়ামী লীগ নেতা ডিলার এস এম ইব্রাহীমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে সরকারি ভিজিডির চাল এবং বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগে কুষ্টিয়ায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হয়েছে।

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের সখীপুরে হতদরিদ্রদের ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত্কারী ডিলার আওয়ামী লীগ নেতা এস এম ইব্রাহীমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মোবাইল ফোনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কুতুব উদ্দিন ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া প্রতিনিধি জানান, সরকারি ভিজিডির চাল ও বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগে এবার কুষ্টিয়ায় আরেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলায় মরিপুর উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী, সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার ও সংরক্ষিত মহিলা মেম্বারকে আসামি করা হয়েছে। বুধবার কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালত  স্বপ্রণোদিত হয়ে এ মামলাটি করেন।

শ্রীমঙ্গলে সরকারি চাল উদ্ধার, একজন আটক

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের বিপুল পরিমাণ চাল উদ্ধার করেছে র্যাব-৯ ক্যাম্পের সদস্যরা। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার বিকালে উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজারের ভূষিমাল ব্যবসায়ী নূপুর কান্তি রায়ের বাড়িতে অভিযান চালানো হয়। এসময়ে বাজারের শাহজালাল মাকের্টের পেছনের একটি ময়লার ভাগার থেকে খাদ্য অধিদপ্তরের সিল সম্বলিত ৪০টির মতো খালি বস্তা ও আগুনে পোড়ানো বস্তার অংশবিশেষ  উদ্ধার ও নূপুর কান্তিকে আটক করা হয়।

নাগেশ্বরীতে ৩১ বস্তা চাল উদ্ধার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, নাগেশ্বরীতে ত্রাণের পণ্য সন্দেহে ১ হাজার ৫৫০ কেজি চাল উদ্ধার করেছে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর নগরপাড়ার মকবুল হোসেন খোকার বাড়ি থেকে এই চাল উদ্ধার করা হয়।

কালিয়ায় ইউপি চেয়ারম্যান ও সচিবের নামে দুদকের মামলা

যশোর অফিস জানায়, হতদরিদ্রদের জন্য বরাদ্দ ত্রাণের চাল আত্মসাতের ঘটনায় নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। আসামিরা হলেন—কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবদুন গ্রামের মো. আলাউদ্দিন চৌধুরী এবং ইউনিয়ন পরিষদের সচিব ও জয়নগর গ্রামের শেখ মহিদুল ইসলাম।