করোনা মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনী চিকিত্সা ও নিরাপত্তাসামগ্রী প্রদান, খাদ্যসহায়তা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিভিন্ন চিকিত্সা ও নিরাপত্তাসামগ্রী প্রদান করা হয়েছে। খুলনা নৌ অঞ্চলের পক্ষ থেকে ঐ হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সদের জন্য ব্যক্তিগত নিরাপত্তা পোশাক (পিপিই), মাস্ক, গ্লাভস, বিশেষ নিরাপত্তা চশমা, থার্মোমিটারসহ বিভিন্ন সামগ্রী হস্তান্তর করা হয়।
অন্যদিকে কাপ্তাইয়ে নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জমের উদ্যোগে দুর্গম পাহাড় এবং টিলায় বসবাসকারী স্থানীয় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া রাজধানী ঢাকাসহ খুলনা ও চট্টগ্রামের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নৌবাহিনী নিয়মিতভাবে জীবাণুনাশক ওষুধ ছিটানো, চিকিত্সা-সহায়তা, অসহায় ও দরিদ্রদের ঘরে ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়াসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
নোবাহিনী সূত্র জানায়, করোনা পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিত্সাসেবায় ডাক্তার, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চলের পক্ষ থেকে আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা খুলনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালকের কাছে ২০০ পিস পিপিই, ১ হাজার পিস মাস্ক, ১ হাজার সেট গ্লাভস, ২০০ পিস বিশেষ নিরাপত্তা চশমা, পাঁচ পিস আইআর থার্মোমিটার, একটি থার্মাল আর্চওয়ে, একটি অটোমেটিক শ্যু ডিস্পেন্সার এবং ১ হাজার পিস পলিব্যাগসহ বিভিন্ন নিরাপত্তাসামগ্রী হস্তান্তর করেন।
