কর্মহারাদের খুঁজে বের করে বাড়ি গিয়ে ত্রাণ দিতে হবে :ওবায়দুল কাদের

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০১:০২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি যেসব কর্মহারা মানুষ মুখে কিছু বলতে পারে না, তাদের খুঁজে বের করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এখনো অনেক দুর্গম পথ পাড়ি দিতে হবে। তবে ভয়ের কারণ নেই, শেখ হাসিনার নেতৃত্বে আমরা ভয়কে জয় করব। তিনি এ যাবত্ প্রমাণ করেছেন কীভাবে ক্রাইসিসকে সম্ভাবনায় পরিণত করা যায়। আমরা সেই রকম এক নেত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছি।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ উপকমিটির উদ্যোগে অসহায় গরিব মানুষের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণের আগে নিজ বাসভবন থেকে ভিডিও কানফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে একথা বলেন। তিনি বলেন, আমাদের দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সারাদেশে ত্রাণ তত্পরতা এবং চিকিত্সাসামগ্রী বিতরণ করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে আছেন। অসহায় মানুষের পাশে আছেন। গরিব, নিম্ন মধ্যবিত্ত অনেক মানুষ আছেন যারা আজ কর্ম হারিয়ে দিশেহারা। তিনি বলেন, অনেকেই মুখে বলতে পারছেন না। কিন্তু ভেতরে ভেতরে অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। এসব লোককে খুঁজে তাদের মাঝে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটি যে খাদ্য ও চিকিত্সাসামগ্রী বিতরণ করছে। এই উদ্যোগ প্রশংসনীয়।

এসময় করোনা ভাইরাসের জন্য সামনে আরো দুর্গম পথ পাড়ি দিতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থা এই সংকট প্রলম্বিত হওয়ার কথা বলেছে। এর অর্থ এই সংকট আরো বহুদিন আমাদের সঙ্গে থাকবে। আমাদের অনেক পথ চলতে হবে। তিনি আরো বলেন, আমরা এখন দুটি জিনিসের বিরুদ্ধে যুদ্ধ করছি। এর একটা যুদ্ধ হচ্ছে করোনা ভাইরাসকে প্রতিরোধ করা। আরেকটা যুদ্ধ হচ্ছে আমাদের গরিব ও অসহায় মানুষকে প্রটেকশন দেওয়া। এই দুইটি লড়াই আমরা করে যাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

এসময় সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে-বিদেশে সাহসী নেতা হিসেবে সুপরিচিত বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, আমাদের নেতৃত্বে এমন একজন আছেন যিনি বাংলাদেশের অনেক সংকটের সাহসী এবং পরীক্ষিত নেতা। তার হাতে যে দায়িত্ব তাতে জনগণ আস্থা রাখতে পারেন। শেখ হাসিনার সত্ ও পরিচ্ছন্ন নেতৃত্বে যে করোনা প্রতিরোধ লড়াইয়ে নেমেছি। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই।

এসময় কৃষকের ধানকাটা কর্মসূচিতে কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতারা অংশ নেওয়ায় ওবায়দুল কাদের তাদের ধন্যবাদ জানান। পরে দেশের আলেম-ওলামা, মোটরচালক লীগ, মহিলা শ্রমিক লীগ, ফটো জার্নালিস্ট, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের মধ্যে খাদ্য ও করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়। এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ প্রমুখ উপস্থিত ছিলেন।